শিরোনাম
কক্সবাজার ব্যুরো | ১১:৪৭, সেপ্টেম্বর ২৪, ২০২১
কক্সবাজার জেলার ঈদগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে প্রতারক চক্রের তিন সদস্যকে জনগণের সহায়তায় আটক করেছে। এসময় প্রতারণা কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ ও প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া নগদ ১ লাখ টাকাও উদ্ধার করা হয়।
২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর অনুমান দেড় টার সময় পুলিশ সুপারের ঘোষিত চলমান বিশেষ অভিযান সফল করার উদ্দেশ্যে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি আবদুল হালিমের নেতৃত্ত্বে এসআই মো. রেজাউল করিম, এএসআই রাসেল কাজী সঙ্গীয় ফোর্স ঈদগাঁও বাস ষ্ট্যান্ডে ইসলামী ব্যাংকের সামনে এ অভিযান চালায়।
এসময় জনগনের সহায়তায় আটক করা হয় তিন প্রতারককে। আটককৃতরা হলেন, মো. খোকন (৫০), পিতা-মৃত লাল মিয়া ফকির, সাং-বহেরাতলা, থানা-শিবচর, জেলা-মাদারীপুর, মো. ফারুক (৪৮), পিতা-মৃত মফিজ উদ্দিন মাতাব্বর, সাং-পূর্ব কাকুরা, শিরুয়াইল ইউপি, থানা- শিবচর, জেলা-মাদারীপুর ও মো. সেলিম (৪৩), পিতা-মৃত ইসমাইল, সাং-গোয়ালবাড়ী, শিমুলিয়া ইউপি, থানা-সাভার, জেলা-ঢাকা।
ঈদগাঁও থানার এসআই মো. রেজাউল করিম জানান, গত ২২ সেপ্টেম্বর একজন গ্রাহক ইসলামী ব্যাংক ঈদগাঁও শাখা হতে ১ লক্ষ টাকা উত্তোলন করে ব্যাংক থেকে বেরিয়ে আসার সাথে সাথে পূর্ব হতে অপেক্ষমান প্রতারক চক্রের সদস্যগন উক্ত গ্রাহককে বিভিন্ন প্রকার ছলচাতুরীর মাধ্যমে উক্ত টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়।
তিনি আরও জানায়, ২৩ সেপ্টেম্বর দুপুরে উক্ত প্রতারক চক্রের সদস্যরা পূনরায় ঈদগাঁও বাসষ্ট্যান্ড এলাকায় ঘুরাফেরা করছিল। এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে জনতার সহায়তায় তাদের আটক ও গ্রাহকের আত্নসাৎকৃত ১ লাখ টাকা উদ্ধার করা হয়। প্রতারক চক্রের প্রতারণা কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি আবদুল হালিম জানান, আটক প্রতারক সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।
Developed By Muktodhara Technology Limited