শিরোনাম
ডেস্ক | ০০:৩৬, ডিসেম্বর ৭, ২০১৮
ডিবি পরিচয়ে রবিউল আউয়াল সোহাগ নামে এক ব্যক্তিকে বাসা থেকে তুলে নেয়ার অভিযোগ করেছে তার পরিবার৷ রবিউল একজন অনলাইন এক্টিভিস্ট৷ তিনি কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নন বলে পরিবারের দাবি৷
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে রবিউলের স্ত্রী খাদিজা আক্তার অভিযোগ করেন, গত ২৬ নভেম্বর দিবাগত রাতে তাদের বাসার ক্যাবল অপারেটর তার স্বামী রবিউল আউয়াল সোহাগকে (২৫) ফোন করে ডাকেন। পরে রবিউলকে সঙ্গে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন রাত আনুমানিক ১১ তার দিকে বাসায় আসেন৷ তারপর তার স্বামীকে বাসার নিচে আটকে রাখে৷ পরে ডিবি পরিচয় দিয়ে তার স্বামীকে আটকের কথা বলে বাসা থেকে ল্যাপটপ, কম্পিউটারসহ অনলাইন সংক্রান্ত অন্যান্য দরকারি জিনিসপত্র নিয়ে যায়।
খাদিজা বলেন, ঘটনার পর আমরা আমাদের নিকটবর্তী থানায় গিয়ে সাধারণ ডায়েরি করি৷ ডায়েরি নাম্বার হলো- ১৮০০৷ আমরা কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় যোগাযোগ করতে থাকি। আমাদেরকে মৌখিকভাবে বলা হয়েছিল ৫ তারিখ এর মধ্যে একটা খবর পাওয়া যাবে। এর মধ্যে গত বুধবারও আমরা ডিবি অফিস ও র্যাব অফিস এ খবর নেই। কিন্তু তারা বলেন, এরকম কোনো লোককে আনা হয়নি৷
নিখোঁজ রবিউলের স্ত্রী আরো বলেন, আমার স্বামী একজন অনলাইন এক্টিভিস্ট। মূলত তিনি লেখালেখির সাথে জড়িত ছিলেন। আমাদের জানামতে তিনি রাষ্ট্র বা সমাজ বিরোধী কোনো কাজের সাথে কখনোই জড়িত ছিলেন না।
প্রকাশ্য দিবালোকে একজন মানুষকে এভাবে তুলে নিয়ে আবার অস্বীকার করা মানবাধিকার ও আইনের শাসন পরিপন্থী বলে আমি মনে করি। অবিলম্বে তার সন্ধান সহ নিঃশর্ত মুক্তি দাবি করছি। আমার স্বামী আমাদের পুরো পরিবারের একমাত্র আয়ের উৎস ছিলেন৷ আমার দুইবছর বয়সী একমাত্র শিশুসন্তান তার বাবাকে খোঁজে৷
তিনি আরো বলেন, আমার স্বামী যদি আমাদের অজান্তে কোন প্রকার অপরাধ করেও থাকে তাহলে আইন মোতাবেক আদালতে হাজির করে বিচার করা হোক। একজন নাগরিককে ২৪ ঘন্টার মধ্যে আদালতে হাজির করা এটা সাংবিধানিক নিয়ম। আমি মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, র্যাব, পুলিশসহ সকলের নিকট আকুল আবেদন করছি, দয়া করে আমার স্বামীকে ফেরত পেতে সাহায্য করুন। সংবাদ সম্মেলনে রবিউলের বাবা-মা, শিশু সন্তানসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন৷
খবর : দৈনিক মানবজমিন
Developed By Muktodhara Technology Limited