image

আজ, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং

পেঁপে ও সবজি চাষে সফল রাঙ্গুনিয়ার আজিম

জাহেদুর রহমান সোহাগ, রাঙ্গুনিয়া সংবাদদাতা    |    ২৩:৪২, ডিসেম্বর ১১, ২০১৮

image

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মীরেরখিল বানিয়াখোলায় সবার দৃষ্টি এখন সারি সারি পেঁপে গাছ আর  সবজি বাগানের দিকে। সবুজ সবজির পাশাপাশি বিশাল পুকুরে মাছ চাষ এলাকার সবাইকে অবাক করে দিয়েছে। বিশাল পুকুরের পাড়ে সারি সারি পেঁপেগাছ, থোকায় থোকায় বেগুন, পানির ওপর মাচায় লাউ আর পুকুরভর্তি নানা জাতের মাছের ছড়াছড়ি।

সরফভাটা ইউনিয়নের ফজল আহমদের ছেলে ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী আজিম উদ্দিন এ কৃষি প্রজেক্ট থেকে সফলতার মুখ দেখেছেন। পড়ালেখার পাশাপাশি অবসর সময়কে কাজে লাগিয়ে কৃষি প্রজেক্ট থেকে আজিমের সফলতার গল্প এখন অনুকরণীয়। বাবার দেখাদেখি নিজ উদ্যোগে বর্তমানে তিনি আটটি পুকুরে নানা জাতের মাছ চাষ করেছেন। পাশাপাশি জমিতে নানা জাতের সবজি, পেঁপে, আর লেবু চাষ করে সফল হয়েছেন। আরও বড় আকারের চাষাবাদ করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

সরেজমিন দেখা যায়, বানিয়াখোলা এলাকায় তার বিশাল পুকুরে নানা জাতের মাছের ছড়াছড়ি। পাড়ে দীর্ঘ পেঁপেগাছের সারি, বেগুনগাছ আর পাশের জমিতে টমেটো-মরিচ সবার দৃষ্টি কাড়ছে। মরিচ ছাড়া এরই মধ্যে অন্যসব গাছে ফলন এসেছে। পুকুরে গ্রাসকার্প, কাতাল-রুই, কালিবাউস, তেলাপিয়া, কার্প প্রজাতির মিশ্রসহ নানা জাতের মাছ রয়েছে। আটটি পুকুরে প্রায় ২০ মণ নানা জাতের মাছ রয়েছে বলে তিনি জানান। প্রতি বছর পুকুর থেকে দুইবার মাছ বিক্রি করেন আজিম। তিনি বলেন, আগে মাছ চাষ করতাম সনাতন পদ্ধতিতে। তবে এখন উপজেলা মৎস্য অফিসের সহযোগিতায় সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করছি। বর্তমানে উপজেলা মৎস্য অফিসের এনএটিপি-২ এর আওতায় প্রদর্শনী পুকুর হিসেবে মাছ চাষ করছি। পুকুরে খাদ্য এবং মাছের পোনা মৎস্য অফিসের এ প্রকল্প থেকে ফ্রি দেওয়া হয়েছে। আজিম আরও বলেন, পুকুরে মাছ চাষ করতে গিয়ে এক বছরে ৭০ হাজার টাকা খরচ হয়েছে। আর পুকুরে প্রতি বছর দুইবার মাছ বিক্রি থেকে আয় হয়েছে ২ লাখ টাকা করে। রেড লেডি পেঁপে চাষ করে গত তিন মাসে ৫০ হাজার টাকা খরচ হয়েছে। বর্তমানে এক বছরে এই আবাদ থেকে দেড় লাখ টাকার পেঁপে বাজারে বিক্রি করেছি। সবজি চাষে খরচ হয়েছে ৩০ হাজার টাকা। এখন পর্যন্ত বিক্রি করেছি প্রায় লক্ষাধিক টাকার সবজি। তিনি জানান, আমার দেখাদেখি এলাকার শিক্ষিত ও বেকার যুবকরা মাছ এবং সবজি চাষাবাদে আগ্রহী হয়ে উঠেছেন। এলাকার অনেকেই এ ধরনের কৃষি প্রজেক্ট করতে পরামর্শের জন্য আমার কাছে আসেন। তাদের সঠিক পরামর্শ দিয়ে থাকি। উপজেলা মৎস্য অফিসের সার্বিক তত্ত্বাবধানে এতদূর আসতে পেরেছি। পরিকল্পনা রয়েছে নিজের এ প্রজেক্ট আরও বৃদ্ধি করার। এসব কৃষি প্রজেক্টে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা বন্যহাতি। বন্যহাতি প্রায় সময়ই হানা দিয়ে সবজি প্রজেক্ট লন্ডভন্ড করে দেয়। হাতি তাড়াতে যদি বন অধিদপ্তর কার্যকর ভূমিকার রাখত, তবে এলাকায় আরও কৃষি প্রজেক্ট গড়ে উঠত।

উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে জানান, আজিমের পুকুরের মাছ সহজে বড় হয়। আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করায় তিনি আগের তুলনায় আরও বেশি লাভবান হয়েছেন। প্রায় সময় তার পুকুরে গিয়ে তাকে মাছ চাষাবাদে প্রয়োজনীয় সহযোগিতা করছি। উপজেলা সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না জানান, শিক্ষিত যুবকের এ ধরনের কাজ এলাকায় যুব সমাজকে ব্যাপক উৎসাহ জোগাবে। তিনি যদি আরও বড় পরিসরে প্রজেক্ট করতে চান, তবে তাকে ঋণসহ প্রয়োজনীয় সহযোগিতা পেতে পূর্ণ সহযোগিতা করা হবে।

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, লেখাপড়ার পাশাপাশি সবজি আর মাছ চাষ করে স্বাবলম্বী হওয়া যায় আজিমই তার উদাহরণ। তার মতো সবাই যদি নিজের অলস সময়কে কাজে লাগান, তবে এলাকায় বেকারত্ব কমে আসবে। তার এ কাজে উপজেলা প্রশাসন সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১৭:৪৪, অক্টোবর ১৬, ২০২১

চট্টগ্রামে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে ক্যাব’র আলোচনা সভা


Los Angeles

১১:৪৫, সেপ্টেম্বর ৯, ২০২১

ফলের বাগানেই ঘুরে দাড়ালেন মিরসরাইয়ের আকবর


Los Angeles

১৩:১১, জুন ২৩, ২০২১

ইরান নয়, আমিরাত থেকেই বিটুমিন আনছে বে-টার্মিনাল


Los Angeles

২২:৫৩, এপ্রিল ৮, ২০২১

রাউজানের পশ্চিম গুজরায় ওয়ান ব্যাংকের শাখা উদ্বোধন


Los Angeles

০০:২০, মার্চ ১০, ২০২১

বাম্পার ফলন-দেদারসে বিকিকিনিতে মুখরিত দোহাজারীর কলা’র আড়ত


Los Angeles

২১:২৫, ফেব্রুয়ারী ২৪, ২০২১

দোহাজারীতে টমেটোর বাম্পার ফলনেও বিপাকে চাষীরা : দামও কম, হিমাগারও নেই


Los Angeles

১৬:৩৮, ডিসেম্বর ১০, ২০২০

তৃপ্তি আর সফলতায় মাছ চাষে মগ্ন রাঙ্গুনিয়ার রাশেদ


image
image