image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

বাম্পার ফলন-দেদারসে বিকিকিনিতে মুখরিত দোহাজারীর কলা’র আড়ত

মো.কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশ প্রতিনিধি    |    ০০:২০, মার্চ ১০, ২০২১

image

গ্রীষ্মকাল আসতে আরো একমাস বাকী থাকলেও মাঘের শেষে চলতি ফাগুনে একটু একটু করে বাড়তে শুরু করেছে গরম। গরমের প্রভাবে চাহিদা বেড়েছে পুষ্টিগুণ সম্পন্ন ফল কলার। পুষ্টিবিদরা বলেন, কলা এমনিই উপকারি যে কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ পটাশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে হার্ট ভাল রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। প্রতিদিন দুটি কলা খেলে শরীরের শক্তিকে বহুগুণে বাড়িয়ে দেয়। 

বর্তমানে চট্টগ্রাম নগরীসহ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় প্রচুর কলার চাহিদা পূরণ করা হচ্ছে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ডাকবাংলো এলাকার ছোট-বড় ৭/৮টি কলার আড়ৎ থেকে। এসব আড়ত থেকে প্রতিদিন প্রচুর পরিমাণ কলা চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন এলাকায় সরবরাহ হচ্ছে। 

সরেজমিনে দোহাজারী কলার আড়ত ঘুরে দেখা যায়, আড়তের ভেতরে ও বাইরে সামনে সারি সারি কাঁচা ও পাকা কলার কাদি (ছড়া)। এসব আড়তে স্থানীয় কলা ছাড়াও উপজেলার পাহাড়ি অঞ্চল ধোপাছড়ি, পার্বত্য জেলা বান্দরবান থেকে ট্রাক ও নৌকা যোগে কলা নিয়ে আসে পাইকারী ব্যবসায়ীরা। 

নেয়াজুর রহমান নামে এক আড়তদার বলেন, প্রতিদিন বেচা-কেনা চললেও সপ্তাহের প্রতি বুধবার, বৃহস্পতিবার, রবিবার ও সোমবার এখানে প্রচুর কলা ওঠে। জেলার বিভিন্ন এলাকা থেকে কলাচাষি ও ব্যবসায়ীরা কলা নিয়ে এখানকার আড়তগুলোতে আসেন। এখান থেকে কলা কিনে খুচরা ও বড় ব্যবসায়ীরা বিক্রি করেন গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলে। এছাড়া পাইকারেরা সরবরাহ করেন পটিয়া, সাতকানিয়া, বাঁশখালী, আনোয়ারা সহ বিভিন্ন উপজেলায়। শঙ্খনদী পথে ও সড়কপথে এসব কলা দোহাজারী আড়তে নিয়ে আসেন কলা চাষী ও ব্যবসায়ীরা। শঙ্খনদী পথে সপ্তাহে কমপক্ষে ১০ নৌকা ও সড়ক পথে ১০ থেকে ১২ ট্রাক কলা আসে বলেও জানালেন তিনি। 

বাহাদুর নামে এক আড়তদারের সাথে কথা বলে জানা যায়, বান্দরবানের চিম্বুক, রুমা, থানছি, বলিবাজার এলাকা থেকেই প্রচুর পরিমাণে কলা আসে। এখান থেকে কলা বাছাই করে বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। তিনি বলেন, দোহাজারীর আড়তগুলোতে প্রতিদিন কমপক্ষে ১৫ লক্ষাধিক টাকার কলা বিক্রি হয়।

ফরিদ নামে এক আড়ৎদারের সাথে কথা বলে জানা যায়, কলার ছড়া ও কলার সাইজ হিসেবে কলার মূল্য নির্ধারণ করা হয়। বাংলা, চম্পা ও সাগর কলার চাহিদা বেশি থাকায় সুর্যমুখি, আনাজি মত্তন এবং সবরি কলার তুলনায় দাম একটু বেশি। বর্তমানে প্রকারভেদে প্রতিটি কলা ৪ থেকে ৮ টাকা পর্যন্ত পাইকারী হিসেবে কিনতে হচ্ছে তাদের। সে হিসেবে তাদেরও একটু বাড়িয়ে বিক্রি করতে হয়। 

ডাকবাংলো এলাকার আড়তগুলো থেকে স্থানীয় খুচরা ব্যবসায়ীরা ছড়ায় ছড়ায় কলা কিনে নিয়ে গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলে বিক্রি করেন। আবার পাইকারী ব্যবসায়ীরা বেশি পরিমাণ কলা কিনে ট্রাক, মিনি ট্রাকসহ বিভিন্ন পরিবহনযোগে চট্টগ্রাম নগরী, পটিয়া, মহেশখালী, কুতুবদিয়া এমনকি টেকনাফ পর্যন্ত সরবরাহ করেন। 

চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাশিমপুর বড়পাড়া এলাকার বাবুল নামে এক ব্যবসায়ী যাত্রীবাহীবাসে ফেরী করে কলা বিক্রি করেন। তার সাথে আলাপকালে তিনি জানান, সপ্তাহের প্রতি রবিবার, সোমবার, বুধবার ও বৃহস্পতিবার দোহাজারী কলার আড়তে প্রচুর পরিমাণে কলা আসে। এসময় তিনি চাহিদা মতো কলার ছড়া ক্রয় করে যাত্রীবাহী বাসে বিক্রি করেন। শীত মৌসুমে বিক্রি কিছুটা কম হলেও রমজান মাস ও তীব্র গরমে তার ভালো আয় হয়।

বারুদখানা এলাকার আক্তার হোসেন নামে এক কলা ব্যবসায়ী জানান, বিগত ২৭ বছর ধরে ভ্যানে করে কলা বিক্রি করেন তিনি। উপজেলার রওশনহাট, খানহাট, বাগিচাহাট, কেরানীহাটসহ বিভিন্ন এলাকায় নিয়ে যান কলা বিক্রি করতে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১৭:৪৪, অক্টোবর ১৬, ২০২১

চট্টগ্রামে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে ক্যাব’র আলোচনা সভা


Los Angeles

১১:৪৫, সেপ্টেম্বর ৯, ২০২১

ফলের বাগানেই ঘুরে দাড়ালেন মিরসরাইয়ের আকবর


Los Angeles

১৩:১১, জুন ২৩, ২০২১

ইরান নয়, আমিরাত থেকেই বিটুমিন আনছে বে-টার্মিনাল


Los Angeles

২২:৫৩, এপ্রিল ৮, ২০২১

রাউজানের পশ্চিম গুজরায় ওয়ান ব্যাংকের শাখা উদ্বোধন


Los Angeles

০০:২০, মার্চ ১০, ২০২১

বাম্পার ফলন-দেদারসে বিকিকিনিতে মুখরিত দোহাজারীর কলা’র আড়ত


Los Angeles

২১:২৫, ফেব্রুয়ারী ২৪, ২০২১

দোহাজারীতে টমেটোর বাম্পার ফলনেও বিপাকে চাষীরা : দামও কম, হিমাগারও নেই


Los Angeles

১৬:৩৮, ডিসেম্বর ১০, ২০২০

তৃপ্তি আর সফলতায় মাছ চাষে মগ্ন রাঙ্গুনিয়ার রাশেদ


image
image