শিরোনাম
ডেস্ক | ০০:২৩, সেপ্টেম্বর ১৩, ২০১৮
ঢাকাই সিনেমার গ্ল্যামারাস নায়িকা পপির জন্মদিন ছিল ১০ সেপ্টেম্বর। আর এদিনই পপির নতুন সিনেমার খবর দিলেন নির্মাতা বুলবুল বিশ্বাস। এবার নতুন সিনেমা নির্মাণ করছেন এই নির্মাতা। সিনেমার নাম ‘কাটপিছ’। এতে অভিনয় করবেন চিত্রনায়িকা পপি।
নির্মাতা বুলবুল বিশ্বাস পপিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নিজের ফেসবুকে লিখেছেন- ‘অপেক্ষার পালা শেষ। পপির জন্মদিনের উপহার নতুন ফিল্ম কাটপিছ-এর ফার্স্ট লুক। এভাবেই আজীবন আমাদের এন্টারটেইনড করে যাবেন চিত্রনায়িকা।’
এর আগে শাকিব খান ও অপু বিশ্বাসকে নিয়ে ‘রাজনীতি’নামের একটি সিনেমা নির্মাণ করে প্রশংসিত হন বুলবুল বিশ্বাস। এরপর কিছুদিন বিরতি নিয়ে এবার নতুন সিনেমা নির্মাণের কথা জানালেন তিনি।
জানা গেছে, বাংলাদেশের সিনেমার একটা মন্দ সময়কেই তিনি এবার সেলুলয়েডের ফ্রেমে আনতে চাইছেন। মূলত ২০০১-২০০৮ সাল পর্যন্ত অশ্লীল দৃশ্যে অভিনয় করতে নায়িকাদের একরকম বাধ্য করা হতো। সেসময় নিয়েই ‘কাটপিছ’সিনেমার গল্প তৈরি হচ্ছে। আর এই সিনেমাটিতেই দেখা যাবে পপিকে।
সম্প্রতি ‘কাটপিছ’এর প্রথম পোস্টার প্রকাশ করা হয়েছে। সেখানে বেশ আবেদনময়ী রূপে দেখা গেছে পপিকে। তবে নায়কের চেহারা স্পষ্ট করেননি নির্মাতা।
সিনেমাটিতে পপির সঙ্গে কে জুটি হচ্ছেন সেই বিষয়টি এখনই খোলাসা করতে চাননি বুলবুল বিশ্বাস। শিগগিরই এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে বলে জানান এই নির্মাতা।
Developed By Muktodhara Technology Limited