শিরোনাম
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি | ০০:৪৪, নভেম্বর ১৩, ২০২০
টেকনাফ সীমান্ত পয়েন্টে মাদক কারবারী ও বিজিবি’র মধ্যে গুলাগুলির ঘটনা ঘটেছে। রোহিঙ্গা অধ্যূষিত উত্তর লেদা সীমান্ত পয়েন্টে ১২নভেম্বর (বৃহস্পতিবার) ভোররাত সাড়ে ৩টার দিকে এঘটনা ঘটে। এছাড়া বিজিবি ও র্যাবের পৃথক অভিযানে ৪৯ হাজার ২৬০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
বিজিবি সুত্রে জানা যায়, মিয়ানমার হতে ইয়াবার চালান আসার সংবাদ পেয়ে লেদা বিওপির বিশেষ টহল দল রোহিঙ্গা ক্যাম্প অধ্যূষিত দক্ষিণ লেদা ছ্যুরিখাল পয়েন্ট সংলগ্ন লবণ মাঠে ১২নভেম্বর (বৃহস্পতিবার) রাতের প্রথম প্রহরে অবস্থান নেয়। রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে একজন মানুষ নাফনদী হতে রোহিঙ্গা ক্যাম্পের দিকে আসতে দেখে দঁাঁড়ানোর জন্য সংকেত দিলে সে বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েক রাউন্ড ফাঁকাগুলিবর্ষণ করে। তখন বিজিবি জওয়ানেরা সরকারী সম্পদ ও প্রাণ রক্ষার্থে পাল্টা কয়েক রাউন্ড গুলিবর্ষণ করলে উক্ত ব্যক্তি আতংকিত হয়ে রোহিঙ্গা ক্যাম্পে ঢুকে পড়ে। এরপর ঘটনাস্থল তল্লাশী করে একটি পলিথিনের ব্যাগ পাওয়া যায়। তা উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৩০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, গোলাগুলির ঘটনায় জড়িতদের খুঁজে বের করার জন্য তদন্ত কার্য্যক্রম চলছে। জব্দকৃত ইয়াবা পরবর্তীতে উর্দ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
অপরদিকে র্যাব-১৫ এর সদস্যরা হ্নীলা দরগাহ ষ্টেশনে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে।
র্যাব সুত্র জানায়, গত বুধবার সাড়ে ৩টার দিকে র্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল হ্নীলা দরগাহ ষ্টেশনের নাফ ফিলিং ষ্টেশনের সামনে প্রধান সড়কে মাদক ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে অভিযানে যায়।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে হ্নীলা পূর্ব পানখালীর মৃত আব্দুল কাদেরের পুত্র মোঃ হোসেন (২৯) কে একটি শপিং ব্যাগে হেফাজতে রাখা ১৯হাজার ২শ ৬০পিস ইয়াবাসহ আটক করে। এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।
Developed By Muktodhara Technology Limited