শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি | ১৪:২৭, ডিসেম্বর ৯, ২০২০
আনোয়ারা-চন্দনাইশ সড়কে বরকল এলাকায় একটি বেকারিতে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে দুই চাঁদাবাজ আটক হয়েছে। জনতা তাদেরকে আটক করে চন্দনাইশ থানা পুলিশের হাতে সোপর্দ করে।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় বরকল এলাকার একটি বেকারীতে চাঁদাবাজী করতে গিয়ে জনতার হাতে এই দুই চাঁদাবাজ আটক হয়।
আটক শওকত হোসেন মুন্না (২৯) আনোয়ারা উপজেলার চাতরী এলাকার জেবল হোসেনের ছেলে। অপর ব্যক্তি মো. সাজ্জাদ হোসেন (২৩) আনোয়ারা উপজেলার বৈরাগ এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে।
বেকারির মালিক শফি বলেন, এর আগেও কিছুদিন আগে বিভিন্ন হুমকি দমকি দিয়ে আমার কাছ থেকে ৫ হাজার টাকা নিয়ে যায় মুন্না নামে এই ব্যক্তি, সে নিজেকে একবার সাংবাদিক পরিচয় দেয়, পরে পুলিশের লোক বলে পরিচয় দেয়। আজ সন্ধ্যায় এসে আবার ১লাখ টাকা দাবি করে অন্যথায় বেকারি বন্ধ করে দিবে। এমন অবস্থায় আমাদের কথাকাটাকাটি চলাকালীন আশপাশের লোকজন জড়ো হলে পরে সে ক্ষমা চায় এবং আর জীবনে না আসার প্রতিশ্রুতি দিতে থাকেন। এর মধ্যে আনোয়ারার ঢাকা বেকারি ও সুইটস মিষ্টি কারখানার মালিক এসে অভিযোগ করেন তাদের কাছ থেকে চাঁদা নিয়ে গেছে। এবং স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা যায় সে আগে সিএনজির লাইনম্যান হিসেবে কাজ করতো। লাইনম্যানি চলে যাওয়ার পর সে বিভিন্ন জায়গায় কখনো সাংবাদিক কখনো পুলিশ, কখনো ক্রাইম পেট্রোল কর্মী পরিচয় দিয়ে চাঁদাবাজি করে আসছে।
এই বিষয়ে চন্দনাইশ থানার এস আই মাজহারুল সাংবাদিকদের বলেন, শওকত হোসেন মুন্না ও মো. সাজ্জাদ নামে দুইজনকে চাঁদাবাজির সময় হাতে নাতে জনতা আটক করে। পরে চন্দনাইশ থানা পুলিশকে খবর দিলে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়। এই ব্যপারে মামলা প্রক্রিয়াধীন।
Developed By Muktodhara Technology Limited