শিরোনাম
লোহাগাড়া প্রতিনিধি | ১৩:০৬, ডিসেম্বর ১২, ২০২০
লোহাগাড়ার পশ্চিম কলাউজানের তাঁতীপাড়ায় লাইসেন্সবিহীন গড়ে ওঠা পেঠান শাহ ব্রিকস (পি.এস.বি) ইটভাটার কার্যক্রম বন্ধে হাইকোর্টের নির্দেশনা অমান্য করে কার্যক্রম চলছে।
হাইকোর্ট বিভাগে ১৬৮০/২০২০ইং রিট মামলার আদেশমূলে উক্ত ইটভাটা কার্যক্রম বন্ধের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম কার্যালয় ও লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করেছেন রিটকারী আইনজীবী এডভোকেট আনোয়ার পারভেজ ।
জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ অমান্য করে অবৈধভাবে লোহাগাড়া উপজেলার পশ্চিম কলাউজানে ফসলি জমি, লোকালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে পি.এস.বি ইটভাটাটি গড়ে ওঠে। পরিবেশ ধ্বংসকারী ইটভাটাটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সুপ্রীমকোর্টের আইনজীবী এডভোকেট আনোয়ার পারভেজ হাইকোর্ট বিভাগে ১৬৮০/২০২০ইং রিট মামলা দায়ের করেন। এডভোকেট আনোয়ার পারভেজ এর আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট বিভাগে বিচারপতি এফ. আর. এম নাজমুল আহসান ও বিচারপতি কে. এম কামরুল কাদেরের দ্বৈত বেঞ্চ বিগত মার্চে ১৬৮০/২০২০ইং রিট মামলার শুণানীকালে উক্ত পি.এস.বি ইটভাটা কার্যক্রম বন্ধের জন্য পরিচালক, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রামকে নির্দেশ প্রদান করেন।
হাইকোর্টের নির্দেশনার ৯ মাস অতিবাহিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তা বাস্তবায়নের কোন দৃশ্যমান তৎপরতা নেই।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের পরিদর্শক হারুনুর-অর-রশিদ পাঠান জানান, লোকালয়, ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংরক্ষিত বনাঞ্চলের পাশে ইটভাটা করার কোন সুযোগ নেই। লোহাগাড়ায় পরিবেশের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটা কার্যক্রম বন্ধে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
Developed By Muktodhara Technology Limited