শিরোনাম
আনোয়ারা প্রতিনিধি | ২০:৩১, ডিসেম্বর ১৩, ২০২০
আনোয়ারা উপজেলার ১১০টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে জাতির জনক বঙ্গবন্ধুর আত্মজীবনীর বই বিতরণ নিয়ে লুকোচুরি অভিযোগ পাওয়া গেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের বিরুদ্ধে।
রবিবার (১৩ ডিসেম্বর)উপজেলার পূর্ব বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আনোয়ারা সরস্বর্তী প্রাথমিক বিদ্যালয় থেকে অতি গোপনে ১১০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে এসব বই বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।
সূত্রে জানা যায়, বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে প্রাথমিকের শিক্ষার্থীরা জানার জন্য সরকার গত ১৫ আগষ্ট জাতীয় মোক দিবসে দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কিত বই শিশুদের হাতে পৌঁছানোর জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় থেকে নির্দেশনা দেন। এ জন্য প্রতিটি বিদ্যালয়ে ২ হাজার টাকা করে অর্থ বরাদ্ধও দেয় সরকার। এই অর্থ আনোয়ারা উপজেলার ১১০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ব্যাংকের নিজ একাউন্টে সরকার বরাদ্দকৃত ২ হাজার টাকা করে ২ লক্ষ ২০ হাজার টাকা প্রদান করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। কিন্তু এ বই ক্রয় করে বিতরণ করার জন্য তৎকালীন ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আশীষ আচার্য্য উপজেলা সহকারী শিক্ষা অফিসার বিটন চন্দ্র দে কে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট বই ক্রয় ও বিতরণী একটি কমিটি গঠন করে এই কমিটির মাধ্যমে বই বিতরণ করা হবে বলে জানিয়ে দেয়া হয়। এ কমিটির নেতৃত্বে ১১০ টি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ১২ টি করে ১১০ সেট বই ক্রয় করেন নগরীর বিচিত্রা নামে একটি লাইব্রেরী থেকে। আর বই গুলো মূল্য দেখানো হয়েছে রশিদে ২ হাজার ১শত ৭০ টাকা। তবে বর্তমান এ বইয়ের বাজার মূল্য ১৫শত ২০ টাকা বলে জানা যায়। প্রায় ৪ মাস পর রবিবার (১৩ ডিসেম্বর) উপজেলার দুইটি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের উদ্যোগ নেন এ কমিটি। কিন্তু বইয়ের মূল্য তালিকা বৃদ্ধিসহ নানান জটিতলা ও অনিয়ম ফাঁস হয়ে গেলে অতি গোপনে পূর্ব বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আনোয়ারা সরস্বর্তী প্রাথমিক বিদ্যালয় থেকে এই বই বিতরণ করা হয়েছে বলে জানা যায়।
বই বিতরণের খবর পেয়ে পূর্ব বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেলে সেখানে দেখাযায় বিভিন্ন বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বিদ্যালয় অফিসে বসে আছে। সাংবাদিক যাওয়ার খবর পেয়ে তারা সব কিছু গোপন করলেও শিক্ষা অফিস থেকে প্রেরিত বই গুলো অফিসে রক্ষিত আছে। পরে সাংবাদিকরা চলে আসলে তাঁরা বই গুলো বিভিন্ন স্কুলের শিক্ষকদের হাতে তুলে দেয়।
এবিষয়ে জানতে উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও বই ক্রয়-বিতরণী কমিটির প্রধান বিটন চন্দ্র মুঠোফোনে একাধিক ফোন করেও তাঁেক পাওয়া যায়নি। তবে বই ক্রয় ও বিতরণীর বিষয়ে তৎকালীন ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আশীষ আচার্য্য বলেন, বই ক্রয়ের জন্য প্রতিটি স্কুলের প্রধান শিক্ষকদের ২ হাজার টাকা করে দেওয়া হয়েছে। বই ক্রয়-বিক্রয় আমাদের কাজ নয়। আমাদের কাজ হলো তদারকি করা। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে বই গুলো বিতরণের নির্দেশনা রয়েছে।
আনোয়ারা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ বেলাল হোসেন জানান, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত উপজেলার প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ব্যাংক একাউন্টে ১৮শত ১০ টাকা করে দেওয়া হয়েছে। বিদ্যালয়ের শিক্ষকরা বই ক্রয় করে শিক্ষার্থীদের বিতরণের কথা রয়েছে। তবে বই ক্রয় বিক্রয় সম্পর্কে আমি কিছু জানিনা। এরকম কোনো ঘটনা ঘটে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে জানতে চাইলে আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ বলেন, সরকারি বিধি মোতাবেক প্রতিটি বিদ্যালয়ে বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে লেখা নিজেদের পছন্দের বই ক্রয় করার নিয়ম রয়েছে। এ নিয়ে যদি কেউ অনিয়ম করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Developed By Muktodhara Technology Limited