শিরোনাম
এন এইচ মাসুম, সাতকানিয়া প্রতিনিধি | ১২:৩১, জানুয়ারী ১০, ২০২১
বাজালিয়া -শীলঘাটা সড়কের কাজে ধীরগতির কারণে যাত্রী সাধারণকে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে । ব্যস্ততম এ সড়কটিতে গর্ত, খানাখন্দ ও ধুলাবালির কারণে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে এ সড়কে চলাচলকারীদের। কিছুদিন ধরে সড়কের কাজ চলমান থাকলেও কিছুতেই কাজের কূলকিনারা করতে পারছে না ঠিকাদারি প্রতিষ্ঠান। অনেক আবেদন নিবেদনের পর এ সড়কের কাজ শুরু হলেও কাজ ধীরগতিতে চলছে বলে জানিয়েছেন পথচারীরা। সড়কে সৃষ্ট গর্ত ও খানাখন্দে প্রায়ই বিভিন্ন যানবাহন বিকল হচ্ছে। এতে অধিকাংশ সময় সড়কে যানজট সৃষ্টি হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কে নির্মান সামগ্রী বিক্ষিপ্তভাবে পড়ে আছে।
স্থানীয় ব্যবসায়ী জমির জানান, খানাখন্দের কারণে এ সড়ক দিয়ে শিলঘাটা থেকে বাজালিয়া যেতেই অধিকাংশ যাত্রী অসুস্থ হয়ে যায়। এভাবে অর্ধেক কাজে মালামাল বিক্ষিপ্তভাবে রেখে দেওয়ার চেয়ে কাজ শুরু না করলে মনে হয় ভালো হতো; ঠিকমত মালামাল আনতে পারতেছিনা।
বাজালিয়া অলি আহমদ কলেজের ম্যানেজমেন্ট বিভগের শিক্ষক অধ্যাপক এনামুল হক জানান, এ সড়কের গর্ত ও খানাখন্দের কারণে প্রতিদিন গাড়ি নষ্ট হয়, কি কারণে এ সড়ক নির্মাণে ধীরগতি জানা নেই; তবে আমরা খুব কষ্টে আছি ।
এ সড়কের নিয়মিত ড্রাইভার জলিল বলেন, গাড়ি চালিয়ে আমি যা আয় করি তা গাড়ি মেরামতেই চলে যায়। দ্রুত এ কাজের শেষ না হলে আমরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছি তেমনি যাত্রীরাও চরম ভোগান্তি পোহাচ্ছে।
পুরানগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুব বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠান নিম্ন মানের সামগ্রী দিয়ে কাজ কোন রকম শেষ করতে চেয়েছে, তাই জনগনের ক্ষোভের মুখে কাজ অস্থায়ী বন্ধ আছে।
বাজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাপস কান্তি বলেন, কাজ চলমান আছে; কোন সমস্যা হয়নি।
ঠিকাদার নুরুল কবির বলেন, শ্রমিকরা একই সাথে অন্য জায়গায় কাজ নেওয়ায় কাজ অনিয়মিত হচ্ছে। আগমীকাল থেকে আবারও কাজ শুরু হবে।
এবিষয়ে কথা বলার জন্য সাতকানিয়া উপজেলা প্রকৌশলী পারভেজ মুরাদকে ফোন করা হলে তিনি বলেন, সড়কের কাজ যথানিয়মে চলছিল, তবে জমি নিয়ে বিরোধ দেখা দেওয়ায় আপাতত বন্ধ আছে। সমস্যা সমাধান হলে কাজ দ্রুত শেষ করা হবে।
বাজালিয়া-ধোপাছড়ি সড়কের বেহালদশায় বিপর্যস্ত জনজীবন
Developed By Muktodhara Technology Limited