শিরোনাম
সাতকানিয়া প্রতিনিধি | ১৮:২১, ফেব্রুয়ারী ২৫, ২০২১
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বেলাল উদ্দিন (৪৮) নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তৈয়ারপাড়া এলাকায় বুধবার রাত ৯টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।
হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে আটক করেছেন বলে জানিয়েছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
ইতোমধ্যে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত বেলাল উদ্দিন সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
যুবলীগ নেতা ও খাগরিয়ার বাসিন্দা হাছান মাহামুদ জানান, বেলাল স্থানীয় বাজার থেকে বাড়িতে ফেরার সময় আক্রমণ করে সন্ত্রাসীরা। এসময় বেলালের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে বেলালকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ‘খাগরিয়ায় আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতের খবর পেয়েই আমি ঘটনাস্থলে গিয়েছি। এরই মধ্যে এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।’
Developed By Muktodhara Technology Limited