শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি | ২৩:৫০, মার্চ ৯, ২০২১
চন্দনাইশ উপজেলার দোহাজারীতে পাঁচ হাজার পিস ইয়াবাসহ রুবেল (২৪) ও মোঃ মানিক হোসেন (২৮) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে দোহাজারী তদন্ত কেন্দ্র পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি হাইচ-মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৯ মার্চ) সকালে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্র আই.সি (পরিদর্শক) মো. আব্দুল হালিমের নেতৃত্বে উপজেলার দোহাজারী পৌরসভাস্থ হাজারী টাওয়ারের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রুবেল চাঁদপুর জেলার কচুয়া থানার ১০ নং গোহট উত্তর ইউনিয়নের তালতলী এলাকার মোঃ ইউনুস মিয়ার ছেলে। মোঃ মানিক হোসেন একই ইউনিয়নের সাতবাড়িয়া এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে।
দোহাজারী তদন্ত কেন্দ্র আই.সি পরিদর্শক মো. আব্দুল হালিম জানান, কক্সবাজার থেকে হাইচ-মাইক্রোযোগে ইয়াবা পাচার হচ্ছে গোপন সূত্রে এমন তথ্য পেয়ে সঙ্গীয় ফোর্সসহ দোহাজারী পৌরসভাস্থ হাজারী টাওয়ারের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অস্থায়ী চেক পোস্ট স্থাপণ করে চট্টগ্রামমুখী একটি হাইচ-মাইক্রোবাস (ঢাকা মেট্রোঃ চ-১৯-১৮৫৯) থামার সংকেত দিলে মাইক্রোবাস থেকে তারা নেমে পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করি। পরে মাইক্রোবাস তল্লাশি করে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করি। আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দনাইশ থানায় মামলা দায়ের করা হয়েছে। ইয়াবা বহনকাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Developed By Muktodhara Technology Limited