শিরোনাম
লামা (বান্দরবান) প্রতিনিধি | ১৪:৩৯, মার্চ ১০, ২০২১
বান্দরবানের লামা উপজেলায় বন্যহাতির আক্রমণে হাজেরা বেগম (৪৬) নামের এক নারী রাবার শ্রমিক নিহত হয়েছে। বুধবার সকালে উপজেলার আজিজনগর ইউনিয়নের পূর্বচাম্বী গরলোড়া পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত হাজেরা বেগম গরলোড়াপাড়ার বাসিন্দা মো. নুরুল আলমের স্ত্রী।
সূত্র জানায়, প্রতিদিনের মত বুধবার সকাল ৭টার দিকে হাজেরা বেগম বাড়ীর পাশে মোস্তফা রাবার বাগানে কাজ করতে যাওয়ার পথে হাতির দল আক্রমণ করলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে কাছাকাছি লোহাগাড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক হাজেরা বেগমকে মৃত ঘোষনা করেন।
বন্যহাতির আক্রমনে হাজেরা বেগমের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে আজিজনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, এখনো হাতিগুলো এলাকায় অবস্থান করায় লোকজন এখন চরম আতঙ্কে রয়েছেন। আবারও যে কোন মুহুর্তে তান্ডব চালিয়ে জান- মালের ক্ষতিসাধন করতে পারে। প্রসঙ্গত: বিগত কয়েকমাস ধরে বন্যহাতি লামা-আলীকদমের বিভিন্ন জনপদে হামলা করে। এত কয়েকজনের প্রাণহানী হয়, একই সাথে কৃষি ফসল ও বাড়িঘরে ব্যাপক ক্ষতি করে চলছে।
মানুষের নানান আগ্রাসনের কারণে সম্প্রতি হাতির পাল খাদ্য সংকটে পড়ে। পাহাড়ে হাতির অনুকুল পরিবেশ নেই ও সরকারের অভয়ারণ্য কর্তৃপক্ষ এদিকে নজর দিচ্ছেন না বলে স্থানীয়রা জানান।
এ বিষয়ে লামা বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার জানান, হাতি দ্বারা নিহত হাজেরা বেগমের পরিবার ও ক্ষতিগ্রস্তদেরকে বন বিভাগের পক্ষ থেকে বিধি মোতাবেক ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে।
Developed By Muktodhara Technology Limited