শিরোনাম
রাউজান প্রতিনিধি | ২০:১৩, এপ্রিল ১৩, ২০২১
চট্টগ্রামের রাউজানে পারিবারিক কলহের জেরে বটি দিয়ে কুপিয়ে ভাবি ও ভাতিজির পায়ের রগ কেটে দিয়েছে দেবর রিদোয়ান। এছাড়া রিদোয়ান তার ভাই ওসমানকে কোপানোর জন্য এগিয়ে গেলে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় আঘাতপ্রাপ্ত হয় ওসমান।
মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন গ্রামের খন্দকার পাড়ার আবুল বশরের বাড়িতে এই ঘটনা ঘটে।
আহতদের চট্টগ্রাম মেডিক্যালে কলেজ হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার।
আহতরা হলেন- রিদোয়ানের ভাই ওসমানের স্ত্রী শামীমা আকতার ও ওসমানের মেয়ে সাদিয়া আকতার। ঘটনার পর পলাতক রয়েছে অভিযুক্ত রিদোয়ান।
ওসমান বলেন, সোমবার আমাদের বাড়িতে ভাগ্নির আকদের অনুষ্ঠান ছিল। আত্মীয়-স্বজন সবাই বাসায় ছিল। ৩ মাস আগে বিয়ে করা দর্জী রিদোয়ান যৌথ পরিবার থেকে আলাদা হওয়ার প্রস্তাব দেয়। সবার সম্মতিক্রমে তা মেনে নেওয়া হয়। সকালে ঘুম থেকে উঠে আমার বোনের সাথে কথা কাটাকাটি হয় তার। এর জের ধরে বটি দিয়ে আমার স্ত্রী ও মেয়েকে কুপিয়ে জখম করে। আমাকে কোপানোর জন্য এগিয়ে এলে আমি পালানোর সময় আঘাতপ্রাপ্ত হই। তার স্ত্রীর ঘাড়ে ও পায়ের রগে মারাত্মক জখম এবং মেয়ের পায়ের রগ কেটে গেছে। তারা বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ৫ম তলার ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ‘এই ধরনের কোন তথ্য পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
Developed By Muktodhara Technology Limited