শিরোনাম
ফটিকছড়ি প্রতিনিধি | ১৯:৫৪, এপ্রিল ২৭, ২০২১
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুরের দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট বাজারে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় চারজনকে হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসি।
সোমবার (২৬ এপ্রিল) রাত ৮ টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট বাজারে এ ঘটনা ঘটে।
এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার (ঢাকা মেট্টো গ-২৮ - ৯৮২০), ১২ টি মোবাইল ফোন, ৩ টি ক্যামেরা, ২টি পাওয়ার ব্যাংক, নগদ টাকাসহ ‘বর্তমানের কথা’ ও ‘রুদ্র বাংলাদেশ’ নামক দুটি অখ্যাত পত্রিকার ৩টি আইডি কার্ড জব্দ করা হয়।
জানা যায়, সোমবার রাত ৮ টার দিকে হঠাৎ প্রাইভেট কারে এসে শান্তিরহাট বাজারের একটি বেকারিতে প্রবেশ করে কয়েকজন লোক। নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে কাগজপত্র দেখতে চায় তারা। এ সময় তারা গাড়িতে বসা অপর দুই নারী প্রতারককে দেখিয়ে সিনিয়র সাংবাদিক বলে পরিচয় দেয়। পরে বেকারি মালিককে হুমকি-ধমকি প্রদান করে। একপর্যায়ে তারা অনিয়মের খবর পত্রিকায় প্রকাশ করার হুমকি দিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। এ সময় তাদের কথাবার্তা অসংলগ্ন ও আচার-আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে দাঁতমারা তদন্ত কেন্দ্রের পুলিশ এসে জিজ্ঞাসাবাদ শেষে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
আটককৃতরা হলেন- ময়মনসিংহ গগফরগাঁও থানার রাওনা ৬নং ওয়ার্ড়ের মৃত ওয়াজ উদ্দীন সরকারের ছেলে জয়নাল আবেদীন জয় (৪০), গাজীপুর পুবাইল থানার ভাধুনা এলাকার মিজান সরকারের ছেলে ইয়াছিন সরকার হৃদয় (২৬), জামালপুর মাধারগন্ডা থানার নয়াপাড়া এলাকার মৃত রহমত উল্লাহ ওরফে তারামিয়ার মেয়ে জুলিয়া পারভীন লিমা (৩২) এবং গাজীপুর জয়দেবপুর থানার নাউরুর এলাকার সুরুজ মাতব্বরের মেয়ে বিলকিস আক্তার রুবি (২৫)।
দাঁতমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউল ইমলাম জানান, সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করছে একটি চক্র। এরা গ্রামের সাধারণ মানুষদের ভয়ভীতি প্রদর্শন করে সুবিধা নিয়ে থাকে। এর আগেও ভুয়া ম্যাজিট্রেট সহ এমন কয়েকজনকে এলাকাবাসী হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে। আটককৃতদের বিরুদ্ধে ভূজপুর থানায় মামলা দায়ের শেষে সকালে জেল হাজতে প্রেরণ করা হবে।
Developed By Muktodhara Technology Limited