শিরোনাম
এমদাদুল হক | ১৪:৫৩, আগস্ট ২, ২০১৮
এশিয়া থেকে ক্রিকেট মানচিত্রে উঠে আসছে আরেক দেশ। নেপাল! দেশটির মানুষের ক্রিকেট নিয়ে উন্মাদনা এরই মধ্যে নজরে পড়েছে বাকি ক্রিকেট বিশ্বের। সেই নেপালের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো কাল। আশা জাগিয়েও অবশ্য পারল না। শেষ পর্যন্ত হেরে গেল নেদারল্যান্ডসের কাছে।
৫৫ রানের পরাজয় অবশ্য বোঝাতে পারছে না নেপালের লড়াই। আমস্টেলভিনে স্বাগতিকদের ১৮৯ রানে অলআউট করে দেয় নেপাল। নিজেরা বিনা উইকেটে ৫৮ রান তুলেও ফেলে। এমনকি ১৯ ওভার শেষেও তাদের স্কোর ছিল ২ উইকেটে ৮৭। ৩১ ওভারে ৮ উইকেটে দরকার ১০৩ রান। কিন্তু মাত্র ৪৭ রান যোগ করে শেষ ৮ উইকেট হারিয়ে ফেলে। শেষ ৭ ব্যাটসম্যানের চারজনই শূন্য রানে আউট হয়েছেন। পাঁচ থেকে সাত, এই তিন ব্যাটসম্যান ফিরেছেন স্কোরে কিছু অবদান না রেখেই।
তাতেই ১৩৪ রানে অলআউট। না হলে ইতিহাস গড়তে পারত নেপাল। যে ইতিহাস গড়া খুব বেশি দলের পক্ষে সম্ভব হয়নি। ওয়ানডে অভিষেকেই জয়! নেপালকে নিয়ে ২৩টি দল ওয়ানডে খেলল। কিন্তু নিজেদের প্রথম ম্যাচ জিততে পেরেছে মাত্র ৫টি দল।
সবার প্রথমে নাম আসবে অস্ট্রেলিয়ার। ১৯৭১ সালে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচ হয়। সেটি ৫ উইকেটে জিতে নেয় অস্ট্রেলিয়া। ১৯৭৩ সালে নিজেদের প্রথম ওয়ানডেতে জেতে নিউজিল্যান্ডও, পাকিস্তানের বিপক্ষে। ১৯৮৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে চমকে দেয় জিম্বাবুয়ে।
বাকি দুটি জয়ী দলের নাম বারমুডা ও পাপুয়া নিউগিনি। অবশ্য দুটি দলই পেয়েছিল সহজ প্রতিপক্ষ। বারমুডা জিতেছিল কানাডার বিপক্ষে। আর পাপুয়া নিউগিনির জয় এসেছিল হংকংয়ের বিপক্ষে।
Developed By Muktodhara Technology Limited