শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি | ০০:৩৬, মে ১১, ২০২১
করোনা ভাইরাসের ২য় ঢেউ মোকাবেলায় সরকারের বিধি-নিষেধ অমান্য করে রাত ৮টার পর থেকে গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখায় চন্দনাইশ উপজেলার দোহাজারীতে ৩ জন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১০ মে) রাত ১০ টা থেকে ১২ টা পর্যন্ত হাজারী টাওয়ার, খানপ্লাজা, হাজারী শপিং সেন্টারসহ বিভিন্ন মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম। এসময় তাঁর সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন জানান, সরকারি নির্দেশ অমান্য করায় আব্দুল নুরকে ৪ হাজার, কাজলকে ৩ হাজার, মোক্তার হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন, ''করোনা সুরক্ষায় সরকারি নির্দেশনা রয়েছে রাত ৮টার মধ্যে মার্কেট ও দোকান বন্ধ করতে হবে। নির্দেশনা উপেক্ষা করে কয়েকটি মার্কেট ও দোকান গভীর রাত পর্যন্ত খোলা থাকে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। রাত ৮টার পর দোকান খোলা রাখা যাবে না। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গতঃ করোনা ভাইরাস জনিত রোগ এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলি/চলাচলে বিধি-নিষেধের সময়সীমা বৃদ্ধি করে গত ৫ মে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় ৫ মে মধ্যরাত থেকে ১৬ মে মধ্যরাত পর্যন্ত বিধি-নিষেধ আরোপের সময়সীমা বর্ধিত করা হয়। এতে দোকান ও মার্কেট খোলা রাখার বিষয়টি শিথিল করলেও এর জন্য কিছু বিধি-নিষেধ দেয়া হয়। যার মধ্যে একটি হলো রাত ৮টার মধ্যে দোকান ও মার্কেট বন্ধ করতে হবে। পাশাপাশি স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করতে হবে। অন্যথায় তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়া হবে দোকান-মার্কেট।
Developed By Muktodhara Technology Limited