শিরোনাম
পটিয়া প্রতিনিধি | ১৮:১৪, জুন ২২, ২০২১
মানুষের নিত্য প্রয়োজনে ব্যবহৃত পুকুরের পানিতে দিনের পর দিন বাথরুমের পানি ও ময়লা আবর্জনা ফেলে পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে। দূষণের হাত থেকে প্রতিকার চেয়ে ইতোমধ্যে পৌর মেয়রের নিকট লিখিত আবেদন দাখিল করেছে স্থানীয় এলাকাবাসী।
লিখিত আবেদন থেকে জানা যায়, পৌরসভার ৫নং ওয়ার্ড হাবিবুর পাড়া এলাকায় ‘গোবিন্দা পুকুর’ টিতে স্থানীয় কিছু ব্যক্তি প্রভাবখাটিয়ে ও অন্যের মতামতকে উপেক্ষা করে যথেচ্ছাভাবে ময়লা আবর্জনা ফেলে দূষণ করে যাচ্ছে। পুকুরটির পানি ব্যবহারকারী স্থানীয় বাসিন্দারা এ সমস্যার পরিত্রাণ চেয়ে পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল বরাবর একটি লিখিত অভিযোগ দেন।
জানা গেছে, এ পুকুরটিতে শতাধিক নারী পুরুষের গোসল সহ যাবতীয় কাজে ব্যবহার করা হয়। পুকুরটিতে মুসল্লিরা ওজু করে থাকেন। এর পরও স্থানীয় ইয়ার মোহাম্মদ, আবুল বশর, মো: রফিক, মো: আবু, শহিদুল আলম, রুজিনা আকতারগণ ওই পুকুরে তাদের বাথরুমের পানি ও নানা রকম ময়লা আবর্জনা ফেলে পুকুরের পানি দূষিত করছে। এমনকি দূষণের কারণে পুকুরের মাছও মরে যাচ্ছে। তাদের বিভিন্নভাবে বলার পরও তারা তার তোয়াক্কা না করে ইচ্ছেমত ময়লা ফেলে যাচ্ছে। এতে শত বছরের পুকুরটিতে দূষণে ব্যবহার অনুপযোগী হওয়ার পথে।
অভিযোগকারীদের একজন মো: আমিনুল ইসলাম জানান, সার্বজনিন একটি পুকুরে কিছু ব্যক্তি ইচ্ছেমত বাথরুমের পানি নিস্কাষণ ও ময়লা ফেলে পুকুরটিকে ব্যবহার অনুপযোগী করে তুলছে। বিষয়টি সামাজিকভাবে বলার পরও তারা তা না মেনে ইচ্ছেমত পুকুর দূষণে মেতে উঠেছে। এ দূষণের বিরুদ্ধে আমরা নিরুপায় হয়ে পৌরসভার মেয়র বরাবরে সমাধান চেয়ে লিখিত দরখাস্ত দিয়েছি।
এ বিষয়ে জানতে চাইলে পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল জানান, লিখিত অভিযোগ পেয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সামাজিক বৈঠকের মাধ্যমে সমাধান করার উদ্যোগ নেয়া হয়েছে। আশাকরি সহসায় এ সমস্যার সমাধান হয়ে যাবে।
Developed By Muktodhara Technology Limited