শিরোনাম
মিরসরাই প্রতিনিধি | ২১:৪৯, জুন ২২, ২০২১
মিরসরাই উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর এলাকা থেকে শিশুসহ ১৪ রোহিঙ্গাকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। তারা নোয়াখালীর ভাসানচর থেকে দালালের মাধ্যমে পালিয়ে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিল। মঙ্গলবার (২২ জুন) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর এলাকার সুইচ গেইট এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ১৪ রোহিঙ্গার মধ্যে চারজন নারী, ছয়জন শিশু ও চারজন পুরুষ। দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর এলাকায় আনসার বাহিনীর সদস্যরা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে । ভাসানচর থেকে দালালের মাধ্যমে ট্রলারযোগে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর এলাকায় এসেছেন এসব রোহিঙ্গারা। দালালের মাধ্যমে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্য ছিল তাদের।
বিষয়টি নিশ্চিত করেছেন জোররাগঞ্জ থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী। তিনি বলেন, এই ঘটনায় জোরারগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে একটি মামলার প্রস্তুতি চলছে।
হেলাল উদ্দিন ফারুকী বলেন, আটক হওয়া রোহিঙ্গারা ভাসানচর থেকে দালালের মাধ্যমে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে ট্রলারযোগে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প এলাকায় নামলে আনসার সদস্যদের সহযোগিতায় পুলিশ তাদের আটক করে।
প্রসঙ্গত, গত ৩০ মে ভাসানচর থেকে পালানোর সময় উপজেলার ইছাখালি ইউনিয়নের চরশরত এলাকা থেকে শিশুসহ দশ রোহিঙ্গা ও তিন দালালকে আটক করেছে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশ।
Developed By Muktodhara Technology Limited