শিরোনাম
বাঁশখালী প্রতিনিধি | ১৯:২৬, জুলাই ৭, ২০২১
চট্টগ্রামের বাঁশখালীতে স্ত্রীকে কুপিয়ে জখম করার পর স্বামী আবদুল জব্বার (৪৫) দাসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান।
মঙ্গলবার বিকেল ৫ টার দিকে উপজেলার শিলকূপ ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় খোদ স্বামী আব্দুল জাব্বার ইউএনওর কাছে দোষ স্বীকার করে আত্মসমর্পণ করতে চাইলে পরে তাঁকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ ঘটনায় আহত আব্দুল জাব্বারের স্ত্রীর নাম ইয়াসমিন আক্তার (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, জব্বার তার স্ত্রী ও ছেলেকে নিয়ে মাইজপাড়ায় এক ভাড়া বাসায় থাকতেন। গতকাল বিকেলে বাসায় স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে আহত করেন। ছেলে আমান উল্লাহসহ প্রতিবেশীরা ইয়াসমিনকে আহত অবস্থায় ঘটনাস্থল থেকে বাঁশখালী উপজেলা হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী বলেন, ‘ঘটনার পর লোকটি আমার কার্যালয়ে এসে চিৎকার-চেঁচামেচি করলে আমি পুলিশ ডেকে তাদের হাতে তুলে দিই।’
এ ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, 'এ ঘটনায় জব্বারের ছেলে থানায় মামলা করেছেন।'
Developed By Muktodhara Technology Limited