শিরোনাম
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি | ২১:৩৬, জুলাই ১৮, ২০২১
প্রজনন মৌসুমে মা মাছ রক্ষায় গত ২১ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনের নিষেধাজ্ঞা (অবরোধ) দিয়েছে সরকার। সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে দেয়া এই নিষেধাজ্ঞা চলাকালে সাগরে মাছ ধরা সম্পূর্ণ বন্ধ। তবুও এক শ্রেণির জেলে বাড়তি আয়ের লোভে ডিমওয়ালা মাছ শিকারে সমুদ্রে যায়। কক্সবাজারের কুতুবদিয়ায় নিষিদ্ধ সময়ে অবৈধভাবে সমুদ্রে মাছ শিকার করায় ৪টি মাছ ধরার নৌকাকে জরিমানা করা হয়েছে।
১৮ জুলাই (শনিবার) দুপুর ১টায় কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুরের জামান চৌধুরী, উপজেলার লেমশীখালী ইউনিয়নের দরবার ঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি নৌকাকে ৫৩ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। সমুদ্র থেকে আহরণ
করা ৮২ ড্রাম ২৪২ মণ মাছ জব্দ করে। জব্দকৃত মাছ প্রকাশ্যে নিলামে দিয়ে ৪ লক্ষ
২২ হাজার টাকায় বিক্রি হয়।
কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুরের জামান চৌধুরী বলেন, সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্বেও ৪টি নৌকা সমুদ্র থেকে মাছ শিকার করে দরবারঘাটে এসেছে,কোস্ট গার্ডের সহায়তায় উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ আইয়ুব আলীকে সাথে নিয়ে আমরা অভিযান পরিচালনা করে ৪টি নৌকার মাঝিকে ৫৩ হাজার টাকা জরিমানা করি এবং জব্দকৃত মাছ প্রকাশ্যে নিলামে ৪ লক্ষ ২২ হাজার টাকায় বিক্রি করে, ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করা হয়েছে। বন্ধকালীন সময়ে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Developed By Muktodhara Technology Limited