শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি | ১৮:৩৯, আগস্ট ১, ২০২১
চট্টগ্রামের চন্দনাইশে যাত্রীবাহী মিনিবাস ও হাইয়েস মাইক্রোবাসের সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। নিহত চালকের নাম আবছার উদ্দিন (৩০)। সে কক্সবাজার জেলার খুটাখালি এলাকার সৈয়দ আলমের ছেলে। রবিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে চন্দনাইশ উপজেলার দক্ষিণ গাছবাড়িয়া বুলারতালুক এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রামমূখী একটি মিনিবাস (চট্টমেট্টো- জ-১১-২১৭২) বুলার তালুক এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি হাইয়েস মাইক্রোবাসের (চট্টমেট্টো-চ-১১-৪৪৮৪) সংঘর্ষ হয়। এতে কক্সবাজার জেলার খুটাখালি এলাকার কাশেমের ছেলে মো. বেলাল (২০), রিপনের স্ত্রী আঁখি (৩০), চকরিয়া এলাকার ওসমানের স্ত্রী নাজমা (১৭), রিয়াজুদ্দিন বাজার এলাকার তোফাজ্জলের ছেলে সোহাগ (৩৬) গুরুতর আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাইয়েস মাইক্রোবাস চালক আবছারকে মৃত ঘোষণা করেন। বাকীদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে
প্রেরণ করেন। গুরতর আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন।
এব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে, দোহাজারী হাইওয়ে থানার ওসি আবদুর রব দূর্ঘটনার সত্যতা স্বীকার করেন। গাড়ি দুইটি জব্দ করে দোহাজারী হাইওয়ে থানায় নেয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
Developed By Muktodhara Technology Limited