শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি | ১৯:৪৮, আগস্ট ৫, ২০২১
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় মাইক্রোবাস চাপায় মো. রাব্বি ভূঁইয়া (২৫) নামে দোহাজারী হাইওয়ে থানার এক কনস্টেবল নিহত হয়েছেন। এসময় মো.আরফাত হোসেন (২৯) নামে অপর এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ১১ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ কনস্টেবল রাব্বি ভূঁইয়া নরসিংদী জেলার পলাশ থানার মালতা গ্রামের মোজাম্মেল হকের ছেলে। আহত কনস্টেবল আরাফাত হোসেন নোয়াখালী জেলার সুধারাম থানার চরঘাটুয়া মোহরখীল এলাকার আব্দুল মান্নানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, করোনা সংক্রমণ প্রতিরোধে জনস্বার্থে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নের অংশ হিসেবে দোহাজারী হাইওয়ে থানার সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে স্থাপিত অস্থায়ী চেকপোস্টে চট্টগ্রামগামী একটি হাইয়েছ মাইক্রোবাস (চট্টমেট্টো-চ ১১-৫২২৫) থামানোর সিগন্যাল দেয় হাইওয়ে পুলিশ।
এ সময় মাইক্রোবাসটি গতিরোধ না করে কর্তব্যরত কনস্টেবল মো. রাব্বি ভূঁইয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এঘটনায় আহত হন চেকপোস্টে কর্তব্যরত পুলিশ কনস্টেবল আরাফাত হোসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে যান।
নিহত রাব্বি ভূঁইয়ার লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) এর মর্গে পাঠানো হয়েছে। এদিকে, পুলিশ সদস্যদের চাপা দিয়ে বেপরোয়া গতিতে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে দোহাজারী পৌর সদর থেকে ঘাতক মাইক্রোবাসটিকে জব্দ
করতে পারলেও চালককে আটক করতে পারেনি পুলিশ।
এব্যাপারে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুর রব সাংবাদিকদের জানান, "ঘাতক মাইক্রোবাসটি আমরা জব্দ করেছি। চালক পালিয়ে গেছে। রাব্বি ভূঁইয়ার লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেক) এর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
Developed By Muktodhara Technology Limited