শিরোনাম
আনোয়ারা প্রতিনিধি | ১৮:৪৯, অক্টোবর ৪, ২০২১
আনোয়ারায় কলেজ ছাত্র মাসুম (১৮) মৃত্যুর ঘটনায় আনোয়ারা থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। অপরদিকে সোমবার সাড়ে ১১টা থেকে দুপুর ২ টা পর্যন্ত মাসুমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবী করে বিচারের দাবীতে শতশত নারী পুরুষ মিছিলসহকারে অবস্থান নিয়ে থানার মূল ফটক দেড় ঘন্টা অবরোধ করে রাখে ।। এসময় সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
আনোয়ারা থানা সূত্রে জানা যায়, কলেজ ছাত্র মাসুমের বৈদ্যুতিক শর্টসার্কিটে মৃত্যুবরণ করেছে। এ ঘটনায় রবিবার রাতে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়। ময়নাতদন্ত রিপোর্টের উপর ভিত্তি করেই নির্ভর করবে অপমৃত্যু নাকি হত্যা মামলা হবে। তবে মাসুমের বাবা ও স্বজনদের দাবী, ঘটনার দিন রাতে মাসুমকে মোবাইল ফোনে কল করে ঘর থেকে দীপ্ত দত্ত ও অন্যরা ডেকে নিয়ে হত্যা করে। তাই ৫জনকে আসামী করে মাসুমের বাবা থানায় অভিযোগ দিতে গেলেও পুলিশ মামলা না নিয়ে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করেন।
এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মাঝে এক ধরণের চাপা ক্ষোভ বিরাজ করছে। এদিকে আদরের সন্তানকে হারিয়ে মাসুমের বাবা মো. ইউছুপ বারবার বেহুশ হয়ে পড়ছেন ।
নিহত মাসুমের ভাই আব্দুল্লাহ আল মামুন বলেন, আমার ভাইকে বাসা থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এখন পুলিশ মামলা নিচ্ছেনা। ওল্টো স্থানীয় প্রভাবশালীরা মামলা না করতে আমাদের হুমকি দিচ্ছে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার বলেন, মাসুম নিহতের ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্টে যদি হত্যার আলামত পাওয়া যায়, তাহলে হত্যা মামলা রেকর্ড করা হবে।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর রাত দুইটায় উপজেলা সদরের পাশের ইছামতি এলাকা থেকে আনোয়ারা সরকারি কলেজের এইসএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র আব্দুল্লাহ আল মাসুমের লাশ উদ্বার করে পুলিশ। প্রাথমিক অনুসন্ধানে মাসুম বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে বলে জানায় পুলিশ। তবে, আনোয়ারা থানার সামনের এক ব্যবসায়ী ঘটনার আগে রাত সাড়ে দশটায় নিহত মাসুমকে স্থানীয় সাবেক এক ইউপি সদস্য সাগর দত্তের ছেলে দীপ্ত দত্তের সাথে মোটরসাইকেলে করে ঘটনাস্থলের দিকে যেতে দেখেছেন বলে জানিয়েছেন। স্বজনরা মাসুমের মৃত্যুর জন্য দীপ্ত দত্তকেই দায়ী করছেন।
আনোয়ারায় কলেজ ছাত্র খুন : বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ
Developed By Muktodhara Technology Limited