শিরোনাম
আরিফ হাসনাত | ১১:২১, মার্চ ৩০, ২০১৯
আজ আমার দাফন হবে বাবা ?
কি দাফন করবে তুমি ?
তোমার খোকার দেহ ?
যেখানে ছিল তোমার অসংখ্য চুম্বনচিহ্ন...
সব পুড়ে ছারখার হয়ে গেছে বাবা।
কালও বলেছিলে তুমি
সাবধানে ফিরিস খোকা...
বাবা, আমি এখন মর্গে —
বস্তাবন্দী আমার দেহের হাড়গোড়।।
আচ্ছা বাবা, মা কোথায় ?
মাকে দেখিও না আমার
জীবন্ত দগ্ধ দেহাবশেষ ।
বলো না তাকে
কিভাবে নি:শ্বাস প্রশ্বাস বন্ধ হয়েছে আমার
কুন্ডলী পাকানো ধোঁয়ায়।
আগুনের লেলিহানে পুড়ে অঙ্গার হয়েছে
তার প্রাণের চেয়ে প্রিয় খোকার শরীর।
বাবা, তোমার বৌমা তোমার নাতনী কোথায় ?
ওদেরকেও বলনা তুমি....
নিশিদিন ধরে যাকে ঘিরে
ওদের আদর ভালবাসা আর স্বপ্নজাল বিস্তৃত ছিল,
সে এখন তাজনিন নিমতলী চুরিহাট্টার
হতভাগ্যদের মত নির্মম নিষ্ঠুর নিয়তির শিকার।
বাবা, ও বাবা, কথা বলবে না তুমি ?
তোমার চাপা কান্না চাপা আর্তনাদ
শুনছে কি এ সমাজ ?
তুমি কি দেখেছো বাবা,
টিভি পেপার ফেসবুকে ছেয়ে গেছে
বনানীর খবর আগের মতই।
শোকের মাতম চলছে চারিদিক
তারপর ...
তারপর হারিয়ে যাব আমরা
এক নতুন ইস্যূতে।
আর এক মৃত্যূর মিছিলে
একদল হতভাগ্য হবে আমাদের সহযাত্রী।
বাবা, তোমার খোকার শেষ মিনতি-
সবার সচেতন পদক্ষেপে
তোমার নাতনী যেন পায়
স্বাভাবিক মৃত্যূর গ্যারান্টি.........
Developed By Muktodhara Technology Limited