শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ২৩:৪২, ডিসেম্বর ২৯, ২০১৯
বাংলাদেশের দ্বিতীয় রাজধানী চট্টগ্রাম ২০১৯ সালে অনেক কিছু পেলেও হারিয়েছে বেশ কিছু প্রাণ। সড়ক দূর্ঘটনা, সিলিন্ডার বিষ্ফোরণ, বাসে ছাত্রী ধর্ষণ, বন্যহাতির আক্রমণে বার বার প্রাণহানি, ডাঃ খুনসহ নানা হৃদয় বিদারক ঘটনা যেমন ছিল তেমনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভাইস চ্যাঞ্চেলর, ইম্পেরিয়াল হাসপাতালের যাত্রা, চুযেট সমাবর্তন, চবি’র পুনর্মিলনীসহ নানা খুশির উপলক্ষও মাতিয়েছে চট্টগ্রামকে। সে সাথে ডিসেম্বরে বিপিএল এর জমজমাট আসরও বসেছিল এ চট্টগ্রামে।এ বছর চট্টগ্রামে একাধিকার প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির আগমণ এবং বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধন ছিল চট্টগ্রামের মানুষদের জন্য খুশির বার্তা।
সুখবর যত : চলমান উন্নয়ন প্রকল্প মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, কর্ণফুলী টানেল, মিরসরাই ইকোনমিক জোন এর মতো মেগা প্রকল্পগুলো দ্রুত শেষ হয়ে পুরো নগরের চিত্র পাল্টে যাক সেটাই নগরবাসীর প্রার্থণা মনে প্রাণে। চট্টগ্রামের উন্নয়নে অন্তপ্রাণ প্রধানমন্ত্রীর তদারকিতে চট্টগ্রাম বন্দর হয়ে উঠছে বাংলাদেশ তথা এশিয়ার অর্থনীতির নতুন ঠিকানা। গার্মেন্টস শিল্পের স্থবিরতা কাটাতে পারলেই বদলে যাবে চট্টগ্রাম তথা পুরো দেশের ইকোনমি।চট্টগ্রাম হবে সে ইকোনমির প্রধান “হাব“ এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা।
চট্টগ্রামে ইম্পেরিয়াল হাসপাতালের যাত্রা শুরু : বাংলাদেশে এই প্রথম আন্তর্জাতিক মানের পরিকল্পিত স্বাস্থ্য সেবার প্রতিশ্রুতি নিয়ে চট্টগ্রামে ১৫জুন আনু্ষ্ঠানিক যাত্রা শুরু করেছিল ইম্পেরিয়াল হাসপাতাল।আন্তর্জাতিক খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ ও ভারতের নারায়ণা হেলথের চেয়ারম্যান ডা. দেবী প্রসাদ শেঠী এ হাসপাতালের উদ্বোধন করেন। ৩৭৫ শয্যা বিশিষ্ট আধুনিক এবং বহুমুখী বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেড ভারত-বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিচালিত একটি হাসপাতাল।
পাথরঘাটা ট্রাজেডী : চট্টগ্রামের পাথরঘাটায় গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। ঘটনাটি ঘটেছে ১৭ নভেম্বর, রবিবার। ঘটনার ১২দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তৃষা গোমেজ নামে আরেক শিক্ষকের মৃত্যু ঘটলে মৃতের সংখ্যা দাড়ায় ৮ জনে। এ ঘটনায় আহত হয়েছে প্রায় ১০জন। ঘটনাস্থলেই নিহত হয়েছিলেন আরেক শিক্ষক এ্যানি বড়ুয়া। এ ঘটনায় দুই নারী শিক্ষকসহ ৮জনের মৃত্যু দেশব্যাপী আলোচনার ঝড় উঠে।
আনোয়ারায় এ্যাম্বুলেন্স বিষ্ফোরণে ৩জন নিহত : চট্টগ্রামের আনোয়ারায় পিএবি সড়কের চাতরী চৌমহনীর উত্তর পার্শে শশী কমিউনিটি সেন্টারের সামনে চলন্ত এ্যাম্বুল্যান্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত ও ৬ জন আহত হয়েছে। বৃহষ্পতিবার (১৭ অক্টোবর) বিকাল ৩ টায় বিস্ফোরণের এঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের কাজী বাড়ির মফিজুর রহমান (৭০) ও তাঁর দুই ছেলের বউ জয়নাব বেগম (২০) ও বুলবুল আকতার (২৫)।
বাঁশখালীতে বন্দুকযুদ্ধে ২ ভাইসহ ৩ ডাকাতের মৃত্যু : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৭) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী জাফর আহমদ (৫০) ও তার অপর ভাই খলিল আহমদ (৪৫) নিহত হয়েছে। শুক্রবার (২১ জুন) দুপুরে উপজেলার সরল ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকায় সন্ত্রাসীদের সাথে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।অপরদিকে বন্দুকযুদ্ধে জাকের আহমদ (৩০) নামে একজন চিহ্নিত অস্ত্রধারী ডাকাত নিহত হয়েছে। রবিবার (২৮ জুলাই) সন্ধ্যা ৬টায় উপজেলার চাম্বল ইউনিয়নের চাম্বল ফরেষ্ট অফিসের পূর্ব দিকে জঙ্গল চাম্বল এলাকায় এ ঘটনা ঘটে।
বন্যহাতির আক্রমণে নিহত : চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বন্যহাতির আক্রমণে এ বছর ৬জনের প্রাণহানি ঘটেছে। ১২ অক্টোবর লোহাগাড়ায় মুহাম্মদ আবদুর রহমান(৫২), ১৬ ডিসেম্বর বোয়ালখালীতে রূপন দাশ(৫৫), বোয়ালখালীতে আবারও ২৪ নভেম্বর ৩জন, ২৬ জুন আনোয়ারায় উপজেলার বটতলী ইউনিয়নের গুচ্ছগ্রামে মোমেনা খাতুন (৬৫) বন্যহাতির আক্রমণে মারা গেছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী উপাচার্য : দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সবচেয়ে বড় বিদ্যাপীঠের অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রথম নারী উপাচার্য হিসেবে গত ৩ নভেম্বর যোগ দিয়েছেন অধ্যাপক ড. শিরীণ আখতার। এর আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপ-উপাচার্যের দায়িত্ব পালন করছিলেন। এর আগে মানে অর্থাৎ ৮ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী সহকারী প্রক্টর হিসেবে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক মরিয়ম ইসলাম লিজা।
চবি-ছাত্রীদের সাহসী প্রতিবাদ : গত ২৭ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ১৮ দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চার ছাত্রী গণপরিবহণে যৌন হয়রানির শিকার হন। চারটি ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক অপরাধীই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তির মুখোমুখি হয়েছেন। বিভিন্ন মেয়াদে কারাভোগ করেছেন ও করছেন কেবল ছাত্রীদের সাহসিকতার জন্য। চলন্ত বাসে যৌন হয়রানির ঘটনা অহরহ ঘটলেও প্রতিবাদের এ অনন্য নজির দেখেয়িছেন কেবল চবির ছাত্রীরাই। এমনই অভিমত সচেতন মানুষদের।
সাহসী নওরীন : ঘটনাটি ঘটে ৬ মার্চ। সেদিন চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন স্টেশন রোড এলাকায় দুই বখাটের খপ্পরে পড়ে নগরীর পূর্ব মাদারবাড়ি এলাকার বাসিন্দা ব্যবসায়ী আহম্মদ আলীর মেয়ে ফারহান নওরীন (২৩)। তবে এতে দমে যাননি সরকারি সিটি কলেজের বিবিএস তৃতীয় বর্ষের শিক্ষার্থী নওরীন। ইভটিজিংয়ের ঘটনা মোবাইল ফোনে ভিডিও করেন তিনি। অতঃপর তা আপলোড করেন তাঁর ফেসবুকে। সেখান থেকে সেটি ছড়িয়ে অনলাইন দুনিয়ায়। শুধু তা-ই নয়। থানায় তিনি অভিযোগও করেন। আর এসবকিছুর কারণেই পুলিশের হাতে আটক হন তানভীর আহমেদ সিদ্দিক (২৩) নামের ওই উত্যক্তকারী। নওরীনের এই সাহস আরও হাজারো মেয়ের কাছে উদাহরণ হয়ে ওঠে।
চিকিৎসক শাহ আলম খুন : বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সীতাকুণ্ড থেকে নগরে চান্দগাঁওয়ে ফেরার পথে রাতে দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে হত্যার শিকার হন ডা. শাহ আলম। হত্যার পর তারা শাহ আলমকে রাস্তার পাশে জঙ্গলে ফেলে চলে যায়। বিদেশ থেকে দেশে এসে নামমাত্র মূল্যে চিকিৎসা সেবা দেয়া এ ডাক্তার খুব জনপ্রিয় ছিলেন। তার মৃত্যুতে পুরো চট্টগ্রামে গভীর শোকের ছায়া নেমে আসে। ২৩ অক্টোবর রাতে ডা: শাহ আলম হত্যার মূল হোতা নজির আহমেদ সুমন প্রকাশ কালু (২৬) র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হন।
চট্টগ্রামের মেয়েকে বিয়ে করতে মুসলিম হলেন লন্ডনের তরুণ : চট্টগ্রামের মেয়েকে বিয়ে করতে লন্ডন থেকে উড়ে এসে মুসলিম হয়ে বিয়ে সম্পন্ন করেছেন স্টুয়ার্ট নামের এক যুবক। চট্টগ্রামের তরুণীটি ফেরদৌসি কবির মুক্তা। গ্রাহাম স্টুয়ার্টের নতুন নাম সাইমন কবির। শুক্রবার (২৭ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ে সম্পন্ন হয়। লন্ডনে পড়ালেখা করতে গিয়েই মুক্তার সঙ্গে স্টুয়ার্টের পরিচয় হয়। এরপর তাদের প্রেম এবং বিয়ে। এর আগে স্টুয়ার্ট ধর্মান্তরিত হয়ে সাইমন কবির নাম রাখেন।
সীতাকুন্ডে দূর্ঘটনায় বাবাসহ দুই মেয়ে নিহত : চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে লরীর সাথে কারের সংঘর্ষে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডাইরেক্টরসহ একই পরিবারের তিনজন নিহত এবং দুইজন আহত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টার সময় ফৌজদারহাটস্থ বাংলা বাজারের বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলো সাইফুজ্জামান মিন্টু (৫০) এবং তার দুই মেয়ে তাসরিন (১৩) তাসপিয়া (১৪)।আহত হয়েছেন ন্ত্রী কনিকা বেগম (৩৫) ছেলে মন্টি (৭)।
আগামীর চট্টগ্রাম হবে সমৃদ্ধি ও শান্তির অনন্য নজির। শান্তিপ্রিয় চট্টগ্রামের উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা গেলে ব্যবসা-বাণিজ্যের এ নগরী তার পুরোটাই দেবে দেশের কল্যাণে। দূরদর্শী নেতৃত্ব আর জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিত হলে কোন পরিকল্পনাই ব্যর্থ হবেনা বলে দাবী চাঁটগাবাসীর।
Developed By Muktodhara Technology Limited