শিরোনাম
ঢাকা ব্যুরো | ২৩:০৮, জুন ৭, ২০২০
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ঢাকাবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করতে করোনার মতো মহামারি উপেক্ষা করে রাজপথে নেমেছি। ঘুরে বেড়াচ্ছি রাস্তা, সমস্যা চিহ্নিত করে তা সমাধানের কর্মপরিকল্পনা তৈরী করছি। ঢাকাবাসীর প্রধান সমস্যা মশা। মশকনিধনের লক্ষ্যে গতানুগতিক কার্যক্রমে পরিবর্তন এনে উচ্চ থেকে নিচ পর্যন্ত ঢেলে সাজিয়েছি। আমি মেয়রের দায়িত্ব গ্রহণ করেই মশকনিধনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। নগরবাসীর যাতে গত বছরের ন্যায় মশার অত্যাচার সহ্য করতে না হয়। শত শত লোককে যেন ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করতে না হয়, চিকন গনিয়ায় আক্রান্ত হতে না হয় সে লক্ষ্যে কাজ করছি।
রোববার বছরব্যাপী সমন্বিত মশকনিয়ন্ত্রণ ব্যবস্থাপনা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে ডিএসসিসির পুরান ঢাকার ২৩ নম্বর ওয়ার্ডের লালবাগ নবাবগঞ্জ পার্কে তিনি এসব কথা বলেন।
শেখ ফজলে নূর তাপস বলেন, নতুনভাবে গৃহীত এ কর্মপরিকল্পনা বাস্তবায়ন আজ থেকে শুরু হলো। ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে একযোগে এই কার্যক্রম চলবে। প্রতি ওয়ার্ডে ৮ জন মশককর্মী সকাল ৯টা থেকে শুরু করে দুপুর ১টা পর্যন্ত লার্ভিসাইডিং করবেন।এছাড়া ওয়ার্ডপ্রতি ১০ জন মশক ক্রু বেলা আড়াইটা থেকে শুরু করে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ফগিং কার্যক্রম চালাবেন। ওয়ার্ড কাউন্সিলররা সরাসরি এই কাজে যুক্ত থাকবেন। মশকনিধনে কোন অভিযোগ থাকলে আঞ্চলিক, স্বাস্থ্য কর্মকর্তা বা সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরকে জনগন জানাতে পারবেন। তারা কোন ব্যবস্থা না নিলে আমাকে সরাসরি জানাবেন।
তিনি বলেন, নির্বাচনী ওয়াদা অনুযায়ী আমি সচল ঢাকা কর্মসূচির পাঁচ পরিকল্পনার কথা ইশতেহারে ঘোষণা করেছি।তার প্রতিটিই বাস্তবায়নে কাজ শুরু করছি।
তিনি বলেন, ঢাকাবাসীর কাছে যে ওয়াদা করেছি তা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।
তিনি তার কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন,আমরা বিশ্ব মহামারি করোনার মধ্যেও রাজপথে নেমে এসেছি জনগনের নাগরিক সেবা নিশ্চিত করতে।তিনি বলেন অতিতের গতানুগতিক ধারা থেকে বের হয়ে আমাদের মেধাকে কাজে লাগিয়ে কর্মপরিকল্পনা তৈরী করতে হবে।
তিনি বলেন, প্রয়োজনে আমি ২৪ ঘন্টাই কাজ করবো। সিটি কর্পোরেশনের স্বাস্থ্য ব্যবস্থা করুণ। আমরা মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে যৌথভাবে কাজ করতে চাই।ব র্জ্য ব্যবস্থাপনা হতে শুরু করে খাল নালা পরিষ্কারসহ কর্মসূচি বাস্তবায়নের কথা জানান।
তিনি সিটি কর্পোরেশনের প্রতিটি বিভাগকেই ঢেলে সাজানো হচ্ছে বলে জানান।
পরে তিনি নবাবগঞ্জ পার্কে আনুষ্ঠানিক ভাবে মশক নিধন উদ্বোধনের ঘোষণা দেন।
এ সময় স্থানীয় সংসদ সদস্য হাজী মোঃ সেলিম, ঢাকা দক্ষিণ আওয়ামীলীগের সভাপতি আবু আহাম্মেদ মোঃ মান্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রদান নির্বাহী কর্মকর্তা শাহ এমদাদুল হক, ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মকবুল হোসেন, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নিলুফার রহমান, ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইয়ার মোহম্মদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, লালবাগ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান জামালসহ আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
একই সঙ্গে ঢাকা দঃ সিটি কর্পোরেশনের অন্য ৭৪ টি ওয়ার্ডের কাউন্সিলররা নিজ নিজ ওয়ার্ডে মশক নিধন শুরু করেন।
২২ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জিন্নাত আলী হাজারীবাগ পার্কের সামনে থেকে মশক নিধন শুরু করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন হাজারীবাগ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাদেক হামিদ সাজুসহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
Developed By Muktodhara Technology Limited