শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি | ১৩:৫৪, আগস্ট ৪, ২০২১
চট্টগ্রামের বোয়ালখালীত উপজেলায় করোনার প্রকোপ বাড়ছেই। একইসাথে বাড়ছে বোয়ালখালীতে করোনার টিকার প্রতি মানুষের আগ্রহ। আজ বুধবার সকালে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা নিতে নারী-পুরুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।
বুধবার (৪ আগষ্ট) সকাল ১০ টায় সরেজমিনে দেখা গেছে, করোনা টিকা নেয়ার জন্য বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে ও বাইরে সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে বিপুল সংখ্যক নারী-পুরুষ ভিড় করছে। গাদাগাদি করে দাঁড়িয়ে আছে নারী ও পুরুষ। এতে উপেক্ষিত হচ্ছে সামাজিক দূরত্ব। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।
অন্য দিকে টিকা প্রত্যাশীদের চাপে হিমশিম খেতে হচ্ছে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষকে। এমন ভিড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই লেগে থাকছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের বক্তব্য হচ্ছে, সাধ্যমতো চেষ্টা করা হচ্ছে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার। কিন্তু মানুষের এত চাপ যে তা পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।
বুধবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে আসা বিভিন্ন এলাকার নারী- পুরুষের সাথে কথা বলে জানা যায়, সকাল ৯টা থেকে টিকা নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। দুপুর ১২ টায়ও সিরিয়াল পাইনি। ৭ থেকে ৮ জন কর্মীর মাধ্যমে টিকা দেয়া হচ্ছে। কিন্তু মানুষ অনেক। ফলে এত ভিড় আর ভোগান্তি হচ্ছে। এখানে বুথের ও কর্মীর সংখ্যা বাড়ালে ভিড় কমে যেত। ভোগান্তিও হতো না মানুষের।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে, প্রতিদিন গড়ে ২৫০০ থেকে ৩০০০ জন নারী-পুরুষ স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে আসে।কিন্তু আজ প্রায় ৫০০০ থেকে ৬০০০ জন মানুষ টিকা নিতে আসলে আমাদের হিমশিম খেতে হচ্ছে। যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পুরুষ ও মহিলাকে আলাদা করে সুষ্ঠভাবে টিকা প্রদান করা হচ্ছে।
বোয়ালখালীতে কোভিশিল্ডের প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৩ হাজার ৩ শত ৮৪ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১১হাজার ১ শত ৬৮ জনকে। আর সিনোফার্মার ১৫ হাজার ৬ শত ৮০ ডোজ টিকার মধ্যে ১৫ হাজার ৮২ টি টিকা প্রদান করা হয়েছে।
টিকা নিতে আসা সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে বা ভিড় এড়াতে হাসপাতাল কর্তৃপক্ষ কী ব্যবস্থা গ্রহণ করেছে- জানতে চাইলে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:জিল্লুর রহমান বলেন, দিন দিন টিকা গ্রহণে আগ্রহীর সংখ্যা বাড়ছে। টিকাকেন্দ্রে মানুষের ভিড় অনেক বেশি এবং চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে আমাদের।
Developed By Muktodhara Technology Limited