শিরোনাম
বাঁশখালী প্রতিনিধি | ১৮:০৮, আগস্ট ১০, ২০২১
স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাঁশখালী ব্লাড ব্যাংক’ একঝাঁক তরুণদের নিয়ে রক্তের সন্ধানে কাজ করে। রাত-দিন ২৪ ঘণ্টার যে কোন সময় তারা ছুটে যান মুমূর্ষু রোগীদের ব্লাড দিতে।
করোনা মহামারিতে অক্সিজেন সংকটে, প্রতিদিন কোথাও না কোথাও মানুষের মৃত্যু হচ্ছে। এবার তারা শুরু করেছে ফ্রি-অক্সিজেন সেবা। তারা যখনই ফোন পাচ্ছে শ্বাসকষ্টে রোগী কাতরাচ্ছে তখনই অক্সিজেন সিলিন্ডার নিয়ে দাঁড়াচ্ছেন রোগীদের পাশে। বাড়ীতে পৌঁছে দিচ্ছেন অক্সিজেন সিলিন্ডার। এ জন্যে তারা কোনো পারিশ্রমিক নেন না। সেচ্ছাসেবীরা মোটরসাইকেলে করে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ছুটে চলছে দিন-রাত।
এ ব্যাপারে বাঁশখালী ব্লাড ব্যাংকের পরিচালক সজীব নম. শুভ বলেন, 'মুমূর্ষু রোগীর অক্সিজেন প্রয়োজন হলে আমরা ফ্রি পৌঁছে দিচ্ছি। উপজেলার কালিপুর ইউনিয়নের পালেগ্রামে শ্বাসকষ্ট রোগীর পরিবারের কাছে অক্সিজেন সিলিন্ডার দিয়ে আমাদের সেবাকার্যক্রম শুরু হয়। প্রয়োজনে আমাদের এ সেবা কার্যক্রম আরো বৃদ্ধি করবো। এ সেবা করোনা অবধি চলমান রাখব।'
বাঁশখালী ব্লাড ব্যাংকের এডমিন মু. ফারুকুল ইসলাম বলেন, 'গত সোমবার রাত সাড়ে ৮টায় উপজেলার সাধনপুর ইউনিয়নে এক রোগীর শরীরে অক্সিজেনের মাত্রা কমে গেলে শ্বাসকষ্ট দেখা দেয়। পরে আমাদেরকে ফোন দিলেই তাদের বাড়ীতে অক্সিজেন পৌঁছে দিই। একই দিনে উপজেলার পৌরসভার চক্রবর্তী পাড়ায় দুপুরে এক রোগীর শ্বাসকষ্ট বেড়ে গেলে তার পরিবারের ফোন পেয়ে মোটরসাইকেলে করে ফ্রি-অক্সিজেন পৌঁছে দিই। একইভাবে বৈলছড়ি ইউনিয়নের এক রোগীর বাড়িতেও অক্সিজেন পৌঁছে দিই। এখন পর্যন্ত আমরা ৪ জন মুমূর্ষু রোগীর পাশে অক্সিজেন সেবা দিয়েছি। এ সেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।'
তাদের মতে 'ডাক্তারের পরামর্শ নিয়ে অক্সিজেন সেবা গ্রহণ করুন। যে কোন শ্বাসকষ্টে জরুরি অক্সিজেন সেবা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন ০১৮১২৫২১১৭১, ০১৮১০৬৪৬৫৪৮, ০১৬২৬৯০০৯৮৭, ০১৮৭৯৪৪৭৩৭০।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শফিউর রহমান মজুমদার বলেন, 'করোনায় আক্রান্ত বেশীরভাগ রোগী বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। এ কারণে তাঁদের শ্বাসকষ্ট দেখা দিলে জরুরি অক্সিজেন প্রয়োজন হয়। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের সেচ্ছাসেবী সংগঠন গুলোর দায়িত্ব। যা বাঁশখালীর প্রথম ব্লাড ব্যাংক করছে। তাদের এ উদ্যোগ প্রশংসনীয় ও অনুকরণীয়।’
Developed By Muktodhara Technology Limited