শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ২৩:৪৩, জুন ১৬, ২০২১
জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেছেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণ পেতে ক্ষতিগ্রস্থ প্রকৃত ভূমি মালিকদেরকে যাতে কোন দালালের রোষানলে পড়তে না হয় সে বিষয়ে জেলাপ্রশাসন কঠোর নজরদারী করছে। অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণের আবেদন বা এল.এ চেক পাইয়ে দেয়ার বিষয়ে কেউ যদি সুযোগ-সুবিধা চায় তাহলে গোপনে আমাদেরকে জানাবেন। আমার কাছে নামে-বেনামে আবেদন, টেলিফোন বা এসএমএস দিয়ে জানালে তা তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শুধু ক্ষতিপূরণের চেক বিতরণ নয়, প্রত্যেকটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর।
আজ জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ১১টি চলমান প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত ভূমির এল. এ চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ১৫২ জন ক্ষতিগ্রস্থের মাঝে ২৭ কোটি ৫৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়। জেলাপ্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা এ অনুষ্ঠানের আয়োজন করেন।
জেলা প্রশাসক বলেন, ইতোমধ্যে বেশ কিছু দালাল ধরে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে ভূমি অধিগ্রহণ শাখায় কর্মরত কর্মকর্তারা অত্যন্ত সৎ ও দক্ষ। দালালের খপ্পর থেকে ক্ষতিগ্রস্থ ভূমি মালিকদেরকে সব সময় দূরে রাখতে তারা সব সময় সতর্ক রয়েছে। মিরসরাই অর্থনৈতিক অঞ্চল স্থাপন প্রকল্পে ভূমি অধিগ্রহনে যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের পরিবারের সদস্যদেরকে সেখানে চাকরি দেয়ার বিষয়ে সরকারের কাছে চিঠি প্রেরণের মাধ্যমে সুপারিশ করা হবে বলে তিনি এ সময় আশ্বস্ত করেন।
অতিরিক্ত জেলাপ্রশাসক (এল.এ) মাসুদ কামালের সভাপতিত্বে ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা নাজমা বিনতে আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এল. এ চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আশরাফুল হাসান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা রায়হান মেহেবুব, প্রধান সহকারী আলী আজম, কানুনগোসহ ভূমি অধিগ্রহণ শাখার কর্মচারীগণ।
Developed By Muktodhara Technology Limited