শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১৭:৩৪, জুন ২১, ২০২১
চট্টগ্রাম নগরীর ব্যস্ততম এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকে ময়লার স্তুপ জমে পরিবেশকে বিষিয়ে তুলেছে বলে এলাকাবাসীর অভিযোগ। যাদের ময়লা পরিষ্কার করার কথা সেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)ও একটা নোটিশ টাঙিয়ে দিয়ে দায় সেরেছেন।
সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রাম নগরীর চকবাজার থানাধীন কাপাসগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশের মূল ফটকে ময়লার স্তুপ জমে তা বাগাড়ে রূপ নিয়েছে। ফলে পথচারি ও এলাকাবাসীকে অনেক দুর্গন্ধ সহ্য করে এখানে চলাফেরা ও বসবাস করতে হচ্ছে। ময়লার দুর্গন্ধে আশেপাশের বাসা বাড়ীতে বসবাস করা যেমন দুঃসাধ্য হয়ে পড়েছে, তেমনি শিশু ও বৃদ্ধরা অনেক রোগেও আক্রান্ত হচ্ছে।
মহামারী করোনা (কোভিড-১৯) পরিস্থিতির কারণে এক বছরেরও অধিক সময় স্কুল, কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার অংশ হিসেবে এ স্কুলটিও বন্ধ রয়েছে। এ সুযোগে অসচেতন নাগরিকরা এখানে প্রতিদিন ময়লা আবর্জনা ফেলে এটাকে ভাগাড়ে পরিণত করেছে। পরিষ্কার ও পরিচ্ছন্নতা বজায় রাখা যাদের দায়িত্ব সেই চসিকও কোন কার্যকর পদক্ষেপ নেয়নি স্কুল ফটকটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়ে। তারা কেবল “ময়লা আবর্জনা ফেলা নিষেধ“ লেখা একটি সাইনবোর্ড লাগিয়ে দিয়েই নিজেদের দায়িত্ব সেরেছেন।যথা সময়ে পরিষ্কার কিংবা ময়লা না ফেলার প্রয়োজনীয় কোন ব্যবস্থা নেয়নি।
এলাকাবাসী জানান, এ ওয়ার্ডের কাউন্সিলর গোলাম হায়দার মিন্টুর মৃত্যুতে নির্বাচিত কোন জনপ্রতিনিধি না থাকায় কেউ দায়িত্ব নিয়ে এ সমস্যা সমাধানে কাজ করছেন না। কাউন্সিলর না থাকার ফলে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়না বলে এলাকাবাসীর দাবি।
এ বিষয়ে জানার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এর প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ শফিকুল মান্নান সিদ্দিকীর মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন না ধরায় বক্তব্য পাওয়া যায়নি।
Developed By Muktodhara Technology Limited