শিরোনাম
মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান | ২২:২৫, মার্চ ৯, ২০২১
১৯৭১ সালের ৯ই মার্চের পত্রিকায় আওয়ামী লীগের বাইরে পিপিপি ও জামাত ছাড়া প্রত্যেকটি রাজনৈতিক দল ও সংগঠন দেশের ভয়াবহ বিপর্যয় কেটে উঠার জন্য প্রেসিডেন্টের কাছে আবেদন জানান। তাদের একটাই কথা আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান ক্ষমতা হস্তান্তরের যে চার-দফা ফর্মুলা দিয়েছেন অবিলম্বে তা মেনে নিয়ে গণপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করুন আর পূর্ব বাংলায় খুনাখুনি বন্ধ করুন। তাদের মতে সমস্যার সমাধানে যে ক্ষীণ সম্ভাবনা আছে অচীরেই তা স্তিমিত হওয়ার আগেই মুজিবের শর্ত মেনে নিয়ে দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনুন। বঙ্গবন্ধুর নেতৃত্বে পূর্ব পাকিস্তানের জনগণ আজ ঐক্যবদ্ধ। অস্ত্রের মুখে তাদের দমানো সম্ভব নয়। এর একমাত্র সমাধান বঙ্গবন্ধুর কাছে ক্ষমতা হস্তান্তর।
এ সময়ে বেসরকারি প্রশাসন বঙ্গবন্ধুর নির্দেশের প্রতি একাত্মতা ঘোষণা করেন। তারা শর্তসাপেক্ষে কর্মে যোগ দেন। এমন সময়েও ভ‚ট্টো ও মওদুদী উল্টা স্রোতে নাও ভাসিয়েছেন।
শেখ মুজিবের শর্ত মানিয়া ‘ভয়াবহ বিপর্যয়’ রোধে যত্নবান হউন
প্রেসিডেন্টের প্রতি পূর্বাঞ্চলীয় নেতৃবৃন্দ ও রাজনৈতিক সংস্থার আহবান
সবকিছুর জন্য দায়ী পশ্চিম অঞ্চলের নেতারা
সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ মুজিবুর রহমানের সঙ্গে পর্যায়ক্রমে নির্বাচিত গণপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের সুষ্ঠু পদ্ধতি উদ্ভাবনের জন্য গতকাল (সোমবার) পাকিস্তান পি,ডি,পি সভাপতি ও জাতীয় পরিষদের সদস্য জনাব নূরুল আমীন প্রেসিডেন্ট ইয়াহিয়ার নিকট আবেদন জানান।
এক বিবৃতিতে তিনি বলেন, আইন-শৃংখলা রক্ষায় উৎকন্ঠিত হইয়া প্রেসিডেন্ট লুুঠতরাজ, অগ্নিসংযোগ ও হত্যাকান্ডে লিপ্ত মুষ্টিমেয় দুষ্কৃতিকারী ও এক মহৎ আদর্শের জন্য প্রাণদানকারী দেশপ্রেমিকদের মধ্যে পার্থক্য করিতে অক্ষম হন বলিয়া মনে হয়।
বিবৃতিতে জনাব নূরুল আমীন বলেন ঃ “আজ দেশ এক গুরুতর সংকটের সম্মুখীন। এখন মোকাবিলার কথা চিন্তা না করিয়া প্রত্যেকের আপোষ মীমাংসার পথ অনুসরণ করা উচিত। সময় উত্তীর্ণ হওয়ার আগেই দেশকে ধ্বংসের হাত হইতে রক্ষা করা বর্তমান বংশধরদের এক পবিত্র দায়িত্ব।
জনাব আমীন বলেন যে, তাহার প্রিয় দেশকে গণসরকারের শাসনাধীন আনিয়া সঠিক পথে স্থাপন এবং দেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করা ছাড়া তাঁহার আর কোন আকাংক্ষা নাই। শান্তিপূর্ণ উপায়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সাহায্য করার জন্য তিনি দেশের ভাই-বোনদের প্রতি আবেদন জানান। তিনি বলেন যে, বাংলা দেশের মানুষকে এক গুরুতর পরিস্থিতির সম্মুখীন হইতে হইয়াছে বলিয়া তাঁহার প্রাণ আকুল হইয়া উঠিয়াছে। জনাব নূরুল আমীন বলেন ঃ একথা ভুলিয়া যাওয়া উচিত নয় যে, ৩রা মার্চ অনুষ্ঠিতব্য পরিষদের অধিবেশন হঠাৎ স্থগিত রাখা জনসাধারণের জন্য একটি ‘উস্কানির কাজ’ করে এবং উহারই প্রতিক্রিয়ায় স্বতঃস্ফুর্তভাবে গণ-অভ্যূত্থান দেখা দেয়। নির্বাচিত গণ-প্রতিনিধিদের নিকট শাসন ক্ষমতা হস্তান্তরের দীর্ঘ সংগ্রামে জাতীয় পরিষদের অধিবেশনকে চূড়ান্ত পর্যায়ে বলিয়া জনসাধারণ সর্বদা মনে ধরিয়া আসিয়াছে।
প্রেসিডেন্টের ভাষা সময়োপযোগী নয়
তিনি আক্ষেপ করিয়া বলেন যে, আগামী ২৫শে মার্চ পরিষদের অধিবেশন নূতন করিয়া আহŸান করিতে গিয়া প্রেসিডেন্ট বেতার ভাষণে যে ভাষা ব্যবহার করেন, উহা “সময়োপযোগী’ হয় নাই। এছাড়া তিনি (প্রেসিডেন্ট) সম্ভবতঃ পুরাপুরি অবহিত না হইয়া বিভিন্ন বিষয়ের কথা উল্লেখ করেন। সারা প্রদেশে যখন রাজপথে রক্ত ঝরানো হইতেছে, সে সময় জনসাধারণের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হওয়া অত্যন্ত স্বাভাবিক। কিন্তু প্রেসিডেন্ট উহার প্রতি ভ্রুক্ষেপ না করিয়া বিভিন্ন বিষয়ে স্বীয় মনোভাব প্রকাশ করেন।
খান এ. সবুর গতকাল (সোমবার) এক বিবৃতিতে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নিকট অবিলম্বে ক্ষমতা হস্তান্তরের জন্য আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানের দাবীর প্রতি সমর্থন জ্ঞাপন করেন। শেখ সাহেবের চারি দফা দাবী সম্পর্কে খান সবুর বলেন যে, তন্মধ্যে তিনটি শর্ত যথা ঃ সামরিক শাসন প্রত্যাহার, সমস্ত সামরিক বাহিনী ব্যারাকে ফিরাইয়া নেওয়া এবং সাম্প্রতিক গণহত্যার তদন্ত অনুষ্ঠানের দাবী পূরণ করা “খুব বেশী অসুবিধাজনক হইবে না।”
জনপ্রতিনিধিদের নিকট অবিলম্বে ক্ষমতা হস্তান্তরের দাবীর উল্লেখ করিয়া জনাব সবুর বলেন যে, একটি শাসনতন্ত্রের অবর্তমানে (সামরিক শাসন ছাড়া) এ ব্যাপারে কিছুটা অসুবিধা দেখা দিলেও প্রয়োজনীয় সংশোধনীসহ ১৯৩৫ সালের ‘ইন্ডিয়া এ্যাক্ট’ এবং ১৯৪৭ সালের ইন্ডিপেন্ডেন্টস এ্যাক্ট’ গ্রহণের মাধ্যমে এই দাবী পূরণ করা যাইতে পারে। খান এ. সবুর বলেন যে, জাতীয় পরিষদের অধিবেশন আকস্মিকভাবে স্থগিত ঘোষণার পর যাহা কিছু ঘটিয়া গিয়াছে এবং ভবিষ্যতে যাহা কিছু ঘটিবার সম্ভাবনা রহিয়াছে, তাহার সব কিছুর জন্যই পশ্চিম অঞ্চলের নেতারা দায়ী।
তিনি বলেন, আজকের দিনের সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ হইল, প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খানের অবিলম্বে দেশের এতদঞ্চল সফর করা এবং এই কয়দিনে যাহা কিছু ঘটিয়া গিয়াছে তাহা স্বচক্ষে প্রত্যক্ষ করা।
‘মুক্তির লগ্ন উপস্থিত’
জাতীয় লীগ সভাপতি জনাব আতউর রহমান খান গতকাল (সোমবার) বলেন, “বাংলা দেশের জনগণ যে মুক্তি অর্জনের জন্য দীর্ঘদিন দুঃখ-দুর্গতি ভোগ করিয়া আসিতেছিল, অবশেষে তাহার মাহেন্দ্রক্ষণ উপস্থিত।”
এক সাংবাদিক সাক্ষাৎকারে তিনি শেখ মুজিবের উদ্বৃতি দিয়া বলেন ঃ আমাদের এবারকার সংগ্রাম মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। জনাব আতাউর রহমান খান আরও বলেন, এই সংগ্রাম বাংলা দেশের সকল মানুষ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ। চরম লক্ষ্য হাসিল না হওয়া পর্যন্ত এই সংগ্রাম চলিবেই চলিবে। তিনি বলেন, কোন কিছুতেই জনগণকে লৌহকঠিন সংকল্প হইতে বিচ্যুত করা যাবে না। এনা
বিভিন্ন সংস্থার সমর্থন
আগামী ২৫শে মার্চ আহূত জাতীয় পরিষদ অধিবেশনে যোগদানের প্রশ্ন বিবেচনার জন্য আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান গত রবিবার রেসকোর্স ময়দানে যে ৪-দফা শর্ত আরোপ করিয়া গুরুত্বপূর্ণ ভাষণদান করিয়াছেন, বাংলা দেশের বিভিন্ন সংগঠন ও নেতৃবৃন্দ উহার প্রতি পূর্ণ সমর্থনদান করিয়া শেখ মুজিবের নেতৃত্বে বৃহত্তর সংগ্রামের প্রস্তুতি গ্রহণের আহবান জানাইয়াছেন। তাঁহারা শেখ মুজিবের পূর্ব শর্তগুলি মানিয়া লওয়ার জন্যও প্রেসিডেন্টের প্রতি আহবান জানাইয়াছেন। বাংলা জাতীয় লীগের সাধারণ সম্পাদক জনাব অলি আহাদ এক বিবৃতিতে শেখ মুজিবুর রহমানের ঘোষিত কর্মসূচীকে সাফল্যন্ডিত করিয়া তুলিবার জন্য বিভিন্ন শাখা সংগঠনকে নির্দেশ দিয়াছেন। জাতীয় গণমুক্তি দলের সাধারণ সম্পাদক ডাঃ কালিদাস বৈদ্য এক বিবৃতিতে শেখ মুজিবের ঘোষণাকে অভিনন্দন জানাইয়া বাংলা দেশের সকল রাজনৈতিক দলকে বঙ্গবন্ধুর নেতৃত্বে সংগ্রামে অংশগ্রহণের আহবান জানাইয়াছেন।
নিখিল জুনাগড় ও কাথিয়া গণসমিতির আহবায়ক জনাব ওয়ালী মোহাম্মদ প্যাটেল এক বিবৃতিতে আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান যে শর্ত আরোপ করিয়াছেন, উহা মানিয়া লওয়ার জন্য প্রেসিডেন্ট ইয়াহিয়া ও অন্যান্য নেতার প্রতি আহবান জানাইয়াছেন। উত্তর বাংলা প্রদেশ সংগ্রাম পরিষদের আহবায়ক জনাব মোঃ আনসার আলী এ্যাডভোকেট এক বিবৃতিতে আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান কর্তৃক আরোপিত পূর্ব শর্তগুলি মানিয়া লওয়ার জন্য প্রেসিডেন্টের প্রতি আহবান জানাইয়াছেন। কৃষক শ্রমিক পার্টির সিনিয়র সহ-সভাপতি জনাব এস, এম, কে জয়নুল আবেদিন এক বিবৃতিতে শেখ মুজিবের দাবী অনুযায়ী ক্ষমতা হস্তান্তরের জন্য প্রেসিডেন্টের প্রতি আহবান জানাইয়াছেন। আভ্যন্তরীণ নৌপরিবহন শ্রমিক ফেডারেশন ও মজদুর ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আবদুল হালিম এক বিবৃতিতে আওয়ামী লীগ প্রধান কর্তৃক আরোপিত শর্তাবলী গ্রহণ করিয়া অনতিবিলম্বে সংখ্যাগরিষ্ঠ দলের নেতার নিকট ক্ষমতা হস্তান্তর করার জন্য প্রেসিডেন্ট ইয়াহিয়ার প্রতি আহবান জানাইয়াছেন।
পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের (মতিয়া গ্রুপ) কেন্দ্রীয় সম্পাদকমন্ডলী সংবাদপত্রে নিন্মোক্ত বিবৃতি প্রদান করিয়াছে ঃ শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানের ঘোষণার মাধ্যমে যে দাবী উত্থাপন করিয়াছেন উহা সঠিক ও ন্যায্য বলিয়া আমরা মনে করি। পূর্ব বাংলার জনগণ ও ছাত্রসমাজের আশু লক্ষ্য এই দাবীগুলি আদায় করা এবং এই দাবী আদায়ের জন্য এক বৃহত্তর রক্ষক্ষয়ী সংগ্রামের প্রস্তুতি গ্রহণ করা। দাবী আদায়ের জন্য দুষ্কৃতিকারীদের লুঠতরাজ, বাঙ্গালী-অবাঙ্গালী দাঙ্গা-হাঙ্গামা ইত্যাদি ষড়যন্ত্র সম্পর্কে সচেতন থাকিয়া মূল শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ লড়াইয়ের প্রস্তুতি দ্রুত গ্রহণ করিতে হইবে। এই কঠিন লড়াইয়ে জয়যুক্ত হওয়ার জন্য সঙ্কীর্ণ দলাদলি ভুলিয়া দেশপ্রেমিক ছাত্র-সংগঠন ও রাজনৈতিক দলের জরুরী কর্তব্য বলিয়া আমরা মনে করি।
শেখ মুজিবের নির্দেশ ঃ কয়েকটি ক্ষেত্রে অব্যাহতি ঘোষণা
প্রাদেশিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজুদ্দীন আহমদ গতকাল (সোমবার) সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃেিততে গত ৭ই মার্চ শেখ মুজিবুর রহমান কর্তৃক ঘোষিত কর্মসূচী সকল শ্রেণীর জনগণকর্তৃক সক্রিয়ভাবে কার্যকরী হওয়ায় সন্তোষ প্রকাশ করিয়াছেন। বিবৃতিতে জনাব তাজুদ্দীন আহমদ শেখ মুজিবের নির্দেশ অনুযায়ী নি¤েœাক্ত অব্যাহতি ও ব্যাখ্যা ঘোষণা করিয়াছেন ঃ
ব্যাঙ্ক ঃ ব্যাঙ্কসমূহ ব্যাকিং কার্যক্রমের জন্য সকাল ৯টা হইতে দুপুর সাড়ে ১২টা এবং এডমিনিষ্ট্রেটিভ কাজের জন্য বিকাল ৩টা পর্যন্ত খোলা থাকিবে। ব্যাঙ্কসমূহে নি¤েœাক্ত উদ্দেশে জমা, বাংলা দেশের মধ্যে আন্তঃব্যাঙ্ক ক্লিয়ারেন্স ও নগদ লেন-দেনের জন্য খোলা থাকিবে ঃ (১) পূর্বোক্ত সপ্তহের ন্যায় বেতন ও মজুরী প্রদান (২) ১ হাজার টাকা পর্যন্ত বোনাফাইড পার্সোনাল ড্রইং ও (৩) চিনির কলের জন্য ইক্ষু; পাট কলের জন্য পাটসহ মিল ও ফ্যাক্টরী চালাইবার জন্য শিল্প কাঁচামাল ক্রয় বাবত। ষ্টেট ব্যাঙ্ক বা অন্য মাধ্যমে বাংলা দেশের বাহিরে কোন অর্থ প্রেরণ করা চলিবে না।
ষ্টেট ব্যাঙ্ক ঃ উপরোক্ত ব্যাঙ্কিং অপারেশন চালু রাখার প্রয়োজনীয় কাজ সমাধার জন্য ষ্টেট ব্যাঙ্ক খোলা থাকিবে; অপর কোন উদ্দেশে নহে।
ই পি ওয়াপদা ঃ বিদ্যুৎ সরবরাহের জন্য প্রয়োজনীয় বিভাগগুলি মাত্র খোলা থাকিবে।
সার-সরবরাহ ও পাওয়ার পাম্পের ডিজেল সরবরাহ অব্যাহত থাকিবে;
ইটখোলার জন্য কয়লা এবং পাট ও ধানের বীজ সরবরাহে অব্যাহত থাকিবে।
খাদ্য সরবরাহ ব্যবস্থা অক্ষুন্ন থাকিবে।
উপরোক্ত যে কোন উদ্দেশ্যে চালান পাস করার জন্য ট্রেজারী ও এ,জি অফিস খোলা থাকিবে।
ঘুর্ণিদুর্গত এলাকার সাহায্য ও পুনর্বাসান কাজ অব্যাহত থাকিবে।
ডাক ও তার বিভাগ ঃ বাংলা দেশের অভ্যন্তরে চিঠিপত্র, টেলিগ্রাম ও মানি অর্ডারের জন্য খোলা থাকিবে। তবে প্রেস টেলিগ্রাম বাংলা দেশের বাহিরেও প্রেরণ করা চলিবে। পোষ্ট অফিস সেভিংস ব্যাঙ্ক খোলা থাকিবে।
সমগ্র বাংলা দেশে ই,পি,আর,টি,সি চালু থাকিবে।
পানি ও গ্যাস সরবরাহ অব্যাহত থাকিবে;
স্বাস্থ্য ও স্যানিটেশন সার্ভিস অব্যাহত থাকিবে;
পুলিস আইন ও শৃংখলা রক্ষার দায়িত্ব পালন করিবে এবং প্রয়োজন হইলে আওয়ামী স্বেচ্ছাসেবকদের সহযোগিতা লইবে।
উপরে প্রদত্ত অব্যাহতি ব্যাতিরেকে অপর সকল আধা সরকারী প্রতিষ্ঠানে হরতাল অব্যাহত থাকিবে।
বিগত সপ্তাহে প্রদত্ত অব্যাহতিসমূহ কার্যকরী থাকিবে।
শেখ মুজিব সকাশে আসগর খান
গণঐক্য আন্দোলনের প্রধান অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল এম, আসগর খান গতকাল (সোমবার) রাত্রে আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানের সঙ্গে শেষোক্তের ধানমন্ডীর বাসভবনে সাক্ষাৎ করেন। তাঁহারা কিছুক্ষণ একত্রে কাটান। -পি,পি,আই
মিঃ ভ‚ট্টোর ‘নো-কমেন্ট’
আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান গতকাল ঢাকার রেসকোর্স ময়দানে আয়োজিত জনসভায় যে বক্তৃতা করেন এবং ২ শে মার্চ জাতীয় পরিষদের অধিবেশনে তাঁহার দলের অংশগ্রহণের ব্যাপারে যে সকল শর্তের উল্লেখ করিয়াছেন, পিপল্স পার্টির চেয়ারম্যান জনাব জুলফিকার আলী ভ‚ট্টে আজ সে সম্পর্কে কোন প্রকার মন্তব্য প্রকাশে আস্বীকৃতি জ্ঞাপন করেন। আজ অপরাহ্নে করাচী যাত্রার প্রাক্কালে ইসলামাবাদ বিমানবন্দরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “এই মুহুর্তে আমি কোন প্রকার মন্তব্য করিতে চাহি না।”
বাঙালীতে বাঙালীতে ভুল বুঝাবুঝির অপপ্রয়াস
প্রাদেশিক আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারী জনাব তাজুদ্দীন আহমদ গতকাল সোমবার) এক বিবৃতিতে বলেন যে, সামরিক শাসন কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত প্রেসনোটের বক্তব্যে আমি দুঃখিত। তিনি বলেন : “প্রেসনোটে হতাহতের সংখ্যা ব্যাপকভাবে কমাইয়া বলা হইয়াছে। শুধু তাই নয়, ইহার দ্বারা ইহাও দেখানোর চেষ্টা করা হইয়াছে যে, ১৭২ জন নিহত ও ৩৫২ জন আহতের সংখ্যা এত বেশি নয় যে, তাহাতে ব্যাপক ত্রাস সৃষ্টি এবং নিন্দা সমালোচনার যৌক্তিকতা প্রতিপন্ন হইতে পারে। নিরস্ত্র বেসামরিক জনসাধারণের উপর ব্যাপকভিত্তিতে গুলীবর্ষণে শুধু বাংলা দেশের অভ্যন্তরেই নয়, সর্বত্রই সুষ্ঠু চিন্তার অধিকারী ব্যক্তিরা নিন্দা সমালোচনায় মুখর হইয়াছেন।....
পূর্ব পাকিস্তানে গিয়া মুজিবের সহিত আলোচনা করুন
প্রেসিডেন্টের প্রতি শের আলী খান
প্রাক্তন তথ্য ও জাতীয় বিষয় সম্পর্কিত মন্ত্রী নওয়াবজাদা শের আলী খান অবিলম্বে পূর্ব পাকিস্তানে গমন করিয়া শেখ মুজিবুর রহমান ও সেখানকার অন্যান্য নেতার সহিত আলোচনায় মিলিত হওয়ার জন্য প্রেসিডেন্ট ইয়াহিয়াকে অনুরোধ জানাইয়াছেন।
সরকারী কর্মচারীরা শেখ মুজিবের নির্দেশ পালন করিবেন
রেসকোর্সে ময়দানে গত ৭ই মার্চ শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ঘোষণার পরিপ্রেক্ষিতে গতকাল (সোমবার) সরকারী (কেন্দ্রীয় ও প্রাদেশিক), আধা-সরকারী ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মচারী সমিতি ও ইউনিয়নসমূহের ১৮ জন প্রতিনিধির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় এই মর্মে সিদ্ধান্ত হয় যে, সংশ্লিষ্ট সকল কর্মচারী অফিসের কক্ষ বয়কট করার ব্যাপারে শেখ মুজিবুর রহমানের নির্দেশ পালন করিবেন এবং ভবিষ্যতে শেখ মুজিব ও তাঁহার দলের যে কোন নির্দেশ জীবন দিয়া হইলেও পালন করিবেন।
শিল্পীদের সিদ্ধান্ত
ঢাকা বেতার ও টেলিভিশনের সকল অনুষ্ঠান বাংলায় বর্তমান গণ-আন্দোলনের অনুকূল হইবে এই শর্তে বাংলার বিক্ষুব্দ শিল্পীরা আগামী ১০ই মাচ’ হইতে বেতার ও টেলিভিশন অনুষ্ঠানে অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করিয়াছেন।
ছাত্র নেতৃবৃন্দ বলেন-
ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক এম. এ. রশিদ কর্তৃক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ সভাপতি জনাব নুরে আলম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক শাজাহান সিরাজ, ঢাকসুর সহ-সভাপতি আ. স. ম. আব্দুর রব ও সাধারণ সম্পাদক জনাব আবদুল কুদ্দুস মাখন নিন্মোক্ত যুক্ত বিবৃতি প্রদান করেন :
“বাংলার বর্তমান মুক্তি আন্দোলনকে ‘স্বাধীনতা আন্দোলন’ ঘোষণা করিয়া স্বাধীন বাংলার জাতির পিতা শেখ মুজিবুর রহমান ৭ই মার্চ রেসকোর্স ময়দানের ঐতিহাসিক জনসভায় যে প্রত্যক্ষ কর্মসূচী ঘোষণা করিয়াছেন আমরা উহার প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করিয়া স্বাধীনতা আন্দোলনে ঐক্যবদ্ধভাবে ঝাঁপাইয়া পড়িবার জন্য বাংলার সংগ্রামী জনতার প্রতি আহŸান জানাইতেছি এবং বঙ্গবন্ধু কর্তৃক ঘোষিত সকল নির্দেশকে যথাযথ কার্যকরী করিবার জন্য সমগ্র দেশবাসীকে বিনা দ্বিধায় বাস্তবায়িত করিবার আহŸান জানাইতেছি এবং কোন মহল এই কমসূচীর অন্তরায় সৃষ্টি করিলে তাহাকে অবশ্যই প্রতিহত করিবার জন্য আবেদন জানাইতেছি।”
মওদুদীর অভিনন্দন
প্রেসিডেন্ট আগামী ২৫শে মার্চ জাতীয় পরিষদের অধিবেশন আহŸানের যে সিদ্ধান্ত করিয়াছেন জামাতে ইসলামীর আমীর মাওলানা মওদুদী তাহার প্রশংসা করিয়াছেন। কারণ পরিষদের বাহিরে গুরুত্বপূর্ণ সমস্যাবলী সমাধানের প্রচেষ্টা ব্যর্থ হইয়াছে এবং বহুবিধ ভুল বুঝা-বুঝি সৃষ্টি হইয়াছে বলিয়া তিনি উল্লেখ করেন।
লেখকঃ মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান, পরিচালক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)।
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম : বঙ্গবন্ধু
ঢাকার রাজপথে স্বাধিকারকামী জনতার দৃপ্ত পদচারণা কন্ঠে কন্ঠে ক্ষুব্ধ গর্জন, প্রাণে প্রাণে সংগ্রামী শপথ
ঢাকার উত্তপ্ত রাজপথ, নানা জল্পনা-কল্পনা ও রাজনৈতিক ধোঁয়াশায় কাটে ৬ই মার্চ
দেশে যদি বিপ্লবের প্রয়োজন দেখা দেয়, তবে সে বিপ্লবের ডাক আমিই দিব, আমিও কম বিপ্লবী নই: বঙ্গবন্ধু
দানবের সঙ্গে সংগ্রামের জন্য যেকোন পরিণতিকে মাথা পাতিয়া বরণের জন্য আমরা প্রস্তুত : বঙ্গবন্ধু
৩ হইতে ৬ মার্চ প্রতিদিন সকাল ৬টা হইতে দুপুর ২টা পর্যন্ত সমগ্র প্রদেশে হরতাল পালন করুন : বঙ্গবন্ধু
২ মার্চ বঙ্গবন্ধুর সাংবাদিক সম্মেলন
আসুন, পরিষদেই সমাধান খোঁজা হইবে : বঙ্গবন্ধু
প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও মর্যাদা : প্রয়োজন সমন্বিত উদ্যোগ
ঘুরে আসুন সাজেক, খেয়াল রাখবেন কিছু বিষয়ে
নারী ও শিশু নির্যাতন: সভ্য সমাজের বর্বর বার্তা
Developed By Muktodhara Technology Limited